বিজ্ঞাপন
সিলেটের চার জেলায় ১৭ লাখ টাকার মানবিক প্রকল্প অনুমোদন
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা
আজিজুল আম্বিয়া, লন্ডন থেকে
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ এএম
বিজ্ঞাপন
প্রবাসীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ এবং মানবতার কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ বাংলাদেশি কমিউনিটি সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির (এনইসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ নভেম্বর বুধবার দুপুর ১টায় বার্মিংহামের বাঙালি অধ্যুষিত স্মল হিথ এলাকার আল-মিরাজ ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত এ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শতাধিক নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি কাউন্সিলর আশরাফ মিয়া ও ট্রেজারার হেলেন ইসলামের যৌথ পরিচালনায় সভায় প্রবাসী কমিউনিটির ঐক্য সুসংহত করার পাশাপাশি সিলেটের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্যাট্রন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা ও ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, উপদেষ্টা আলহাজ্ব সোরাবুর রহমান, ফয়জুর রহমান চৌধুরী এবং হাজি কবির উদ্দিন। তাঁরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সিলেটের চার জেলায় ১৭ লাখ টাকার মানবিক প্রকল্প
সভায় মানবকল্যাণ ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সিলেট বিভাগের চার জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য ৫০টি সেলাই মেশিন বিতরণে ৭ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়।
এছাড়া আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে চার জেলার গরিব, অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের জন্য আরও ১০ লাখ টাকার একটি মানবিক প্রকল্প অনুমোদন করা হয়।
দুটি প্রকল্প বাস্তবায়নে সর্বমোট ১৭ লাখ টাকা বরাদ্দের সিদ্ধান্ত গৃহীত হয়। এসব উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের জীবনমান উন্নয়ন, নারীর কর্মসংস্থান এবং সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি
সভায় সংগঠনের প্রেসিডেন্ট, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর তাঁর সমাপনী বক্তব্যে সভাকে সফল ও প্রাণবন্ত করে তোলার জন্য উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, গতিশীল ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী কমিউনিটি প্রবাসীদের অধিকার আদায়, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সত্যিকারের আন্তর্জাতিক মানের বিমানবন্দরে পরিণত করার পাশাপাশি ব্রিটিশ এয়ারওয়েজসহ বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর জন্য জোর দাবি জানান।
ঐক্য ও মানবসেবায় একযোগে কাজ করার আহ্বান
প্রধান ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, প্রবাসে বাংলাদেশিদের অধিকার, সম্মান ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি দেশের প্রতি দায়বদ্ধতা থেকে সিলেট বিভাগের উন্নয়ন ও মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা অত্যন্ত জরুরি।
তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে প্রবাসীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর পাশাপাশি দেশ ও প্রবাসের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট রিজিওনের প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের প্রেসিডেন্ট আশিক মিয়া, নাজমুল ইসলাম, কাউন্সিলর হাবিবুর রহমান রানা, তাজুল ইসলাম, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, মুজিবুর রহমান, আব্দুল মান্নান মুন্না, শাহজানুর রাজা, ফুলজার আহমেদ, মীর গোলাম মোস্তফা, রুহুল আমীন রুহেল, আনসার উদ্দিন, শেখ জাফর আহমেদ, শাহ শাফী, শেখ নুরুল ইসলাম, জয়নাল ইসলাম, আব্দুর রহিম রনজু, সৈয়দ সায়েম করিম, আহমেদ সাদিক, আব্দুর রউফ তালুকদার, রোকসানা রাজা, গিয়াস উদ্দিন, রকিবুর রহমান, এবি রুনেল, এনামুল ইসলাম, আব্দুল মোহিত, ফয়সল রহমান, মুক্তার আলী, মনোর আলী, রুকনউজ্জামান, দেওয়ান মহসিন উদ্দিন, শাহ চেরাগ আলী, মুজিবুল ইসলাম শাহ আলম, মোহাম্মদ জহির আলী, মাহমুদর রহমান, এস এম আমোয়ার হোসেন, এম এ বাছিত, জাহাঙ্গীর হুসেইন, সৈয়দ কাহের, জে মিয়া, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, দিলশাদ মিয়া, জাংগীর হুসেইন, আব্দুল হান্নান, আসাদ আলী আসক, রুহেল মিয়া, সাইদুল ইসলাম, আব্দুল কালাম আজাদ, আহাদ আলী, সরওয়ার আহমেদ, নাজিম উদ্দীন ও হারুন আলমসহ কেন্দ্রীয়, রিজিওনাল ও শাখা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আহমেদ সাদিক। সভায় উপস্থিত অতিথিদের জন্য বার্মিংহামের জনপ্রিয় পানশী রেস্টুরেন্টের পক্ষ থেকে সুস্বাদু খাবারের আয়োজন করা হয়।
প্রবাসীদের কল্যাণ, সিলেটের উন্নয়ন, সামাজিক ঐক্য প্রতিষ্ঠা এবং মানবতার সেবায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।