বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে কমিউনিটি সেবায় অবদানের জন্য কংগ্রেসের স্বীকৃতি পেলেন বাংলাদেশি সাহী চৌধুরী
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৯ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো সিটি হলে প্রথম বাংলাদেশি কর্মী হিসেবে যোগ দিয়ে ইতিহাস গড়া সমাজসেবক সাহী চৌধুরী এবার মার্কিন কংগ্রেসে বিশেষ স্বীকৃতি লাভ করেছেন। নিউইয়র্কের বাফেলো ও ওয়েস্টার্ন নিউইয়র্কে জনসেবা এবং সামাজিক কর্মকাণ্ডে অসামান্য অবদানের জন্য কংগ্রেস সদস্য টিমোথি এম. কেনেডি মার্কিন প্রতিনিধি পরিষদের কংগ্রেশনাল রেকর্ডে তার ভূয়সী প্রশংসা করেছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সুপ্রভাত মিশিগানের ২২ অক্টোবরের এক প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় জনজীবনে সাহী চৌধুরীর ইতিবাচক ভূমিকার কথা কংগ্রেসের এই আনুষ্ঠানিক নথিতে তুলে ধরা হয়েছে। জনপ্রতিনিধিত্ব ও কমিউনিটির প্রতি গভীর দায়বদ্ধতার জায়গা থেকে তিনি বর্তমানে এরি কাউন্টি কম্পট্রোলার অফিসে কর্মরত রয়েছেন।
দীর্ঘ কর্মজীবনে জনসেবার স্বীকৃতিস্বরূপ সাহী চৌধুরী ইতোমধ্যেই অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে পাওয়া 'লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' বা আজীবন সম্মাননা তার সফলতার অন্যতম বড় মাইলফলক। এছাড়াও তিনি নিউইয়র্ক স্টেট সিনেটের ঘোষণাপত্র এবং নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির মেজরিটি লিডার ক্রিস্টাল পিপলস-স্টোকসের কাছ থেকে সম্মাননাসূচক সাইটেশন লাভ করেছেন। তরুণ সমাজকর্মী হিসেবে তিনি ২০২৩ সালে ‘থার্টি আন্ডার থার্টি চেঞ্জমেকার’ হিসেবে স্বীকৃতি পান।
সে সময় বাফেলো কমন কাউন্সিলের ফিলমোর ডিস্ট্রিক্টের কাউন্সিল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করা সাহীকে তাদের আনুষ্ঠানিক ফেসবুক পেজ থেকেও বিশেষ অভিনন্দন জানানো হয়েছিল।
স্থানীয় ব্যবসা ও সামাজিক সংগঠনের উন্নয়নে সাহী চৌধুরীর সম্পৃক্ততা দীর্ঘদিনের। ২০২৪ সালে বাফেলো শহরে প্রথমবারের মতো আয়োজিত 'ঈদ ফেস্ট'-এর নেপথ্যে তার বড় ভূমিকা ছিল। ইউনাইটেড বাফেলো ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং বাফেলো কমন কাউন্সিলের কমিউনিটি লিয়াজোঁ হিসেবে ওই আয়োজনে তিনি স্থানীয় বাঙালি সংগীতশিল্পী, খাবার বিক্রেতা ও ব্যবসায়ীদের এক ছাদের নিচে নিয়ে আসেন।
বাংলাদেশের সিলেট শহরে পৈতৃক বাড়ি থাকা এই মেধাবী তরুণ বর্তমানে পরিবারের সাথে বাফেলোতেই বসবাস করছেন। নেতৃত্ব, অ্যাডভোকেসি এবং নিরলস জনসেবার মাধ্যমে প্রবাসে বাংলাদেশিসহ মূলধারার কমিউনিটিকে আরও ক্ষমতায়িত করতে তিনি তার এই চলমান প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।