Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

অস্ট্রেলিয়ায় স্থানীয় সরকারে সম্মাননা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ এএম

অস্ট্রেলিয়ায় স্থানীয় সরকারে সম্মাননা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে স্থানীয় সরকার ব্যবস্থায় অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর শেরিন আখতার। ২০২৬ সালের ‘নারীদের স্থানীয় সরকার পুরস্কার’-এর ‘প্রতিবন্ধকতা ভাঙার সম্মাননা’ বিভাগে পুরস্কার অর্জন করেছেন তিনি।

বৃহস্পতিবার রাজ্যের পার্লামেন্ট ভবনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকারে নারীদের নেতৃত্ব, জনসেবা ও অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিলেন নিউ সাউথ ওয়েলসের স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী রন হোয়েনিগ এবং নারী বিষয়ক মন্ত্রী জোডি হ্যারিসন।

রাজ্য সরকারের স্থানীয় সরকার দপ্তরের তথ্য অনুযায়ী, শেরিন আখতার ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলর। স্থানীয় সরকারে প্রচলিত কর্মপথের বাইরে এগিয়ে যাওয়া এবং লিঙ্গভিত্তিক বাধা ও প্রচলিত ধারণা ভাঙতে ভূমিকা রাখা নারীদের স্বীকৃতি দিতে ‘প্রতিবন্ধকতা ভাঙার সম্মাননা’ দেওয়া হয়।

এ বছরের পুরস্কারের জন্য রেকর্ড ১৮৮টি মনোনয়ন জমা পড়ে। এর প্রায় দুই-তৃতীয়াংশ এসেছে রাজ্যের গ্রামীণ ও আঞ্চলিক এলাকার কাউন্সিলগুলো থেকে। মোট ১৯টি বিভাগে সম্মাননা দেওয়া হয়েছে।

পুরস্কারের বিভিন্ন বিভাগে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি, কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও নেতৃত্বস্থানীয় নারীদের অবদান তুলে ধরা হয়। স্থানীয় সরকার পরিচালনা, জনসেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং নারীদের নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখা ব্যক্তিদের এ সম্মাননার আওতায় আনা হয়েছে।

আয়োজকদের লক্ষ্য, স্থানীয় সরকারে নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণকে উৎসাহিত করা এবং তাঁদের জনসেবামূলক কাজের স্বীকৃতি দেওয়া। এ ধরনের উদ্যোগ স্থানীয় প্রশাসনে নারীদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার