বিজ্ঞাপন
প্যারিসে লুটপাটে ৩ সন্তানের বাবা বাংলাদেশি হাসানের দোকান তছনছ, বিপাকে দশ বছরের ব্যবসা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম
বিজ্ঞাপন
ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভের মধ্যে লুটপাট ও ভাঙচুরে বাংলাদেশি ব্যবসায়ী হাসানের দোকান তছনছ হয়ে গেছে। গত ১৭ অক্টোবর প্লাস দ্য লা রিপাবলিকের কাছের দোকানটিতে হামলা হয়। ইউরোনিউজকে হাসান জানিয়েছেন, তাঁকেও মারধর ও হুমকি দেওয়া হয়েছে।
২০১০ সালে বাংলাদেশ থেকে ফ্রান্সে যান হাসান। কয়েক বছর হোটেল ও রেস্তোরাঁ খাতে কাজ করে সঞ্চয় করেন। পরে ২০১৬ সালে এক সহযোগীর সঙ্গে প্রযুক্তিপণ্য ও কুরিয়ার সেবার দোকান চালু করেন। তিন সন্তানের এই বাবা ধীরে ধীরে ব্যবসাটি গড়ে তুলেছিলেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, কর্তৃপক্ষের পরামর্শে শনিবার বিকেলে দোকান বন্ধ রেখেছিলেন তিনি। পরে মোবাইলে নিরাপত্তা ক্যামেরার দৃশ্য দেখে দোকানে লুটপাটের বিষয়টি জানতে পারেন। ঘটনাস্থলে ফিরে হামলার মুখে তাঁকে সরে যেতে হয়।
দোকান থেকে ফোন, প্রযুক্তিপণ্য ও কুরিয়ারের পার্সেল নিয়ে যাওয়া হয়েছে। ভাঙা ফোন, খালি বাক্স ও কাচের টুকরা পড়ে রয়েছে মেঝেতে। ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষয়ক্ষতির মূল্যায়নের অপেক্ষায় থাকায় সেগুলো পরিষ্কারও করতে পারছেন না হাসান। অথচ দোকানের রেন্ট, বিল ও কর্মীদের বেতন দেওয়ার দায় রয়ে গেছে।
ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হাসানের পাশে দাঁড়াতে স্থানীয় এক কর্মী অনলাইনে অনুদান সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। ব্যবসাটি আবার চালু করতে তাঁকে সহযোগিতা করাই এই উদ্যোগের উদ্দেশ্য।