Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

নিউইয়র্কে বাংলাদেশি এনামুলকে আটক করেছে আইস, তাঁর দুঃসময়ে নীরব পুরো কমিউনিটি

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:২১ এএম

নিউইয়র্কে বাংলাদেশি এনামুলকে আটক করেছে আইস, তাঁর দুঃসময়ে নীরব পুরো কমিউনিটি

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ এবং একসময়ের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠক এনামুল হক ইনাম বর্তমানে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইস) হাতে আটক রয়েছেন। একসময় যিনি প্রবাসীদের বিপদে-আপদে সবার আগে এগিয়ে আসতেন, আজ তার এই দুঃসময়ে কমিউনিটির পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা মুক্তির দাবি চোখে পড়ছে না। প্রকাশ্য কোনো সমাবেশ বা মানববন্ধন তো দূরের কথা, ঘনিষ্ঠজনরাও এখন নিশ্চুপ। গত ১৪ অক্টোবর নিউইয়র্কের বাফেলো এলাকা থেকে তাকে আটক করা হয়।

এরপর থেকে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না এবং ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আইসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি। এই ঘটনা নিউইয়র্কের বাংলাদেশি সমাজের এক অস্বস্তিকর ও ভীতিজনক বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে।

প্রায় ৪২ বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো এনামুল হক দীর্ঘদিন নিউইয়র্কের জামাইকায় বসবাস করেছেন। নব্বইয়ের দশকে তিনি বাংলাদেশ থেকে ফেরদৌস ওয়াহিদ, কুমার বিশ্বজিতের মতো জনপ্রিয় তারকাদের নিয়ে গিয়ে যুক্তরাষ্ট্রে জমজমাট সব সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন। কয়েক বছর আগে তিনি ভার্জিনিয়া হয়ে বাফেলোতে স্থায়ী হন। পরিচিতজনদের ধারণা, দীর্ঘদিনের বসবাস সত্ত্বেও তার অভিবাসন নথিপত্রে হয়তো কোনো জটিলতা ছিল। তবে এই আটকের ঘটনায় সবচেয়ে বেশি নজরে এসেছে বাংলাদেশি কমিউনিটির অভূতপূর্ব নীরবতা।

অতীতে কোনো বাংলাদেশি আটক হলে আইনি সহায়তা, অর্থ সংগ্রহ বা মানববন্ধনের মতো উদ্যোগ দেখা গেলেও বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন নীতি কঠোরভাবে প্রয়োগ এবং আইসের ক্রমবর্ধমান অভিযানের কারণে প্রবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই ভয় পাচ্ছেন, প্রকাশ্যে কারও পাশে দাঁড়ালে নিজেদের বা পরিবারের অভিবাসন প্রক্রিয়ায় নতুন কোনো জটিলতা তৈরি হতে পারে।

কেবল এনামুল হকই নন, সম্প্রতি বাফেলো এলাকায় আরও কয়েকজন বাংলাদেশি আইসের হাতে আটক হয়েছেন। এদের মধ্যে ক্যানমোর অ্যাভিনিউয়ের রেস্তোরাঁ ব্যবসায়ী বাবু এবং গ্রিন কার্ডধারী জাকির হোসেনের নামও উঠে এসেছে, যদিও জাকিরকে পরে ছেড়ে দেওয়া হয়। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের জুলাই মাসেই আপস্টেট নিউইয়র্কে ৬০০-এর বেশি এবং পুরো অঙ্গরাজ্যে প্রায় দেড় হাজার মানুষকে গ্রেপ্তার করেছে আইস। উদ্বেগের বিষয় হলো, গ্রেপ্তার হওয়া এসব মানুষের বড় অংশেরই কোনো অপরাধমূলক অতীত নেই।

আইসের অভিযান এখন শুধু আগে থেকে বহিষ্কারাদেশ পাওয়া ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং যাদের আইনি প্রক্রিয়া চলমান, তারাও গ্রেপ্তারের শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতার ঐতিহ্য আজ অস্তিত্ব সংকটে। বিপদে মানুষের পাশে দাঁড়ানোর চিরায়ত সংস্কৃতি এখন অভিবাসন আতঙ্কের কাছে অনেকটাই অসহায় হয়ে পড়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার