বিজ্ঞাপন
সৌদি চিকিৎসকদের নিবিড় সেবায় ধীরে ধীরে সুস্থ হচ্ছেন হুথি হামলায় আহত বাংলাদেশিরা
সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৮ এএম
বিজ্ঞাপন
ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আহত বাংলাদেশিরা সৌদি চিকিৎসক ও নার্সদের সেবায় চিকিৎসা নিচ্ছেন। তাঁদের কয়েকজনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে কয়েকজন এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন এবং অন্তত একজনের অবস্থা সংকটাপন্ন বলে ১৬ অক্টোবর প্রকাশিত আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
হামলার সময় বিমানবন্দরে ছিলেন ৩৮ বছর বয়সী বাংলাদেশি ওমরাহযাত্রী আবুল মনসুর রিয়াজ। তিনি বোর্ডিং পাস সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। বিস্ফোরণের পর তাঁর মনে হয়েছিল, হয়তো আর বেঁচে ফিরতে পারবেন না। সেই মুহূর্তে তাঁর চোখের সামনে ভেসে উঠেছিল দেশে থাকা তিন বছর বয়সী মেয়ে, স্ত্রী ও বৃদ্ধ মায়ের মুখ। পরে আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ওই কয়েকটি মুহূর্তে তাঁর মনে হয়েছিল, প্রিয়জনদের স্মরণ করার এটাই হয়তো শেষ সুযোগ।
রিয়াদের একটি হাসপাতালে রিয়াজের পা, কোমর ও মাথায় আঘাতের চিকিৎসা চলছে। তাঁকে একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। তিনি জানান, সৌদি চিকিৎসক ও নার্সরা অত্যন্ত আন্তরিকভাবে তাঁর সেবা করছেন। হাসপাতালে কর্মরত বাংলাদেশিরাও তাঁকে পরিবারের সদস্যের মতো সহযোগিতা করছেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন বুধবার তাঁকে দেখতে গিয়ে সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
আহত আরেক বাংলাদেশি কুমিল্লার দাউদ বিন মুহিব। তিনি রিয়াদের কিং ফাহাদ হাসপাতালে শরীরে ধাতব টুকরোর আঘাত ও পোড়া ক্ষতের চিকিৎসা নিচ্ছেন। আরব নিউজকে তিনি জানিয়েছেন, হামলার স্মৃতি এখনো তাঁকে কষ্ট দেয়। তবে চিকিৎসার পর তাঁর অবস্থার উন্নতি হয়েছে। তিনি চিকিৎসক ও সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন সৌদি আরবে কর্মরত প্রবাসী এবং ১৩ জন ওমরাহ পালন করতে যাওয়া যাত্রী। তাঁদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাংলাদেশ দূতাবাস হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করছে।
এই হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁরা হলেন বগুড়ার শাহেদ আহমেদ ও কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বাদরপুরী। শাহেদ সৌদি আরবে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্পে প্লাম্বার হিসেবে কাজ করতেন। ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে রিয়াদ বিমানবন্দরে হামলার শিকার হন তিনি। অন্যদিকে নাসরুল্লাহ ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন এবং রিয়াদ থেকে জেদ্দায় যাওয়ার অপেক্ষায় ছিলেন।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সৌদি আরবের সহযোগিতা চেয়েছেন। ১৪ অক্টোবর ঢাকায় সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি আহত বাংলাদেশিদের চিকিৎসা দেওয়ার জন্য সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং সংঘাত কমাতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
হামলার পর বিমান চলাচল ব্যাহত হওয়ায় রিয়াদ বিমানবন্দরে প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী আটকা পড়েছিলেন। তাঁদের মধ্যে ওমরাহযাত্রী, প্রবাসী কর্মী এবং বিভিন্ন গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রীরা ছিলেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কিছু যাত্রীর জন্য হোটেলে থাকার ব্যবস্থা করা হয়, অন্যদের বিকল্প পথে গন্তব্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।