বিজ্ঞাপন
নিউইয়র্কে বিনামূল্যে খাবার নিতে বাংলাদেশিদের দীর্ঘ সারি, কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪০ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিভিন্ন এলাকায় বিনামূল্যে খাবার বিতরণ কর্মসূচিতে মানুষের দীর্ঘ সারি দেখা যায়। এসব কর্মসূচিতে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের উপস্থিতি নিয়ে কখনো কখনো কমিউনিটির মধ্যেই বিতর্ক তৈরি হয়। সম্প্রতি বাফেলো শহরের ইস্ট সাইডে অবস্থিত রেসপন্স টু লাভ সেন্টারের খাদ্যসহায়তা কেন্দ্রের সামনে দীর্ঘ সারির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। ছবিটি ঘিরে কেউ কেউ বাংলাদেশি কমিউনিটির আত্মসম্মান ও সামাজিক ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলেছেন।
নিউইয়র্কে বাংলাদেশি অভিবাসীদের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মানুষ, আফ্রিকান বংশোদ্ভূত জনগোষ্ঠী এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস রয়েছে। বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠান ও কমিউনিটি সংগঠন আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে খাবার বিতরণ করে। এসব কর্মসূচিতে বিভিন্ন পটভূমির মানুষ অংশ নেন। তবে বাংলাদেশিদের উপস্থিতি অন্যদের তুলনায় বেশি এমন দাবি করেন কমিউনিটির কেউ কেউ।
ছবিটি ঘিরে কমিউনিটির একাংশের প্রশ্ন, যাঁদের খাবার কেনার সামর্থ্য রয়েছে, তাঁরাও কি শুধু বিনামূল্যে পাওয়ার সুযোগ কাজে লাগাতে এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন? তাঁদের মতে, প্রকৃত প্রয়োজন না থাকা সত্ত্বেও কেউ খাদ্যসহায়তা নিলে অভাবী মানুষের জন্য বরাদ্দ থাকা সম্পদের ওপর চাপ তৈরি হতে পারে। পাশাপাশি, এমন দৃশ্যের কারণে বাংলাদেশি কমিউনিটি সম্পর্কে অন্যদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে বলে তাঁরা মনে করেন।
তবে অন্য একটি দৃষ্টিভঙ্গিও রয়েছে। যুক্তরাষ্ট্রে বাড়িভাড়া, চিকিৎসা, বিদ্যুৎ বিল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় মেটাতে গিয়ে অনেক পরিবার আর্থিক সংকটে পড়ে। বাইরে থেকে স্বচ্ছল মনে হলেও তাদের প্রকৃত আর্থিক পরিস্থিতি ভিন্ন হতে পারে। তাই বিনামূল্যে খাবার নিতে লাইনে দাঁড়ানো মানেই কেউ অপ্রয়োজনীয় সুবিধা নিচ্ছেন এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। প্রকৃত প্রয়োজনের সময় খাদ্যসহায়তা গ্রহণ লজ্জার বিষয়ও নয়।
বাফেলোর রেসপন্স টু লাভ সেন্টার স্থানীয় মানুষের জন্য খাদ্যসহায়তা ও রান্না করা খাবার সরবরাহ করে। প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, তারা বিভিন্ন উৎস থেকে খাবার সংগ্রহ করে এবং স্থানীয় ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানের কাছ থেকেও অনুদান পায়। তবে সম্প্রতি ছড়িয়ে পড়া ছবিতে থাকা ব্যক্তিদের পরিচয়, আর্থিক অবস্থা কিংবা বিতরণ করা খাবারের নির্দিষ্ট উৎস স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
কমিউনিটির সদস্যদের মতে, যাঁদের সত্যিই সহায়তা প্রয়োজন, তাঁদের পাশে দাঁড়ানো যেমন জরুরি, তেমনি যাঁদের সামর্থ্য রয়েছে, তাঁদের উচিত অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া এবং সম্ভব হলে এসব প্রতিষ্ঠানে অনুদান দেওয়া। একই সঙ্গে কয়েকজন মানুষের উপস্থিতি বা আচরণের ভিত্তিতে পুরো বাংলাদেশি কিংবা মুসলিম কমিউনিটিকে বিচার করাও অন্যায়। বিনামূল্যে খাবার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়টি তাই আত্মসম্মান, আর্থিক বাস্তবতা ও সামাজিক দায়িত্ব এই তিনটি দিক থেকেই বিবেচনা করা প্রয়োজন।