বিজ্ঞাপন
১৩ বছরে বাবা-মাকে হারানো নাজমুস সোহান এখন অস্ট্রেলিয়ার বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট
অস্ট্রেলিয়া প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০১:০৪ পিএম
বিজ্ঞাপন
মাত্র ১৩ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় বাবা-মা দুজনকেই হারিয়েছিলেন খুলনার ডুমুরিয়ার নাজমুস সোহান। সেই কঠিন শৈশব পেরিয়ে আজ তিনি অস্ট্রেলিয়ার রয়্যাল এয়ার ফোর্সের ফ্লাইট লেফটেন্যান্ট। বর্তমানে দেশটির অ্যাডিলেডে অবস্থিত এডিনবরা বিমানঘাঁটির একটি গুরুত্বপূর্ণ ইউনিটের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি অস্ট্রেলিয়া ও বাংলাদেশে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন এই বাংলাদেশি তরুণ।
খুলনার ডুমুরিয়ায় বেড়ে ওঠা নাজমুস সোহানের শিক্ষাজীবন শুরু হয় ডুমুরিয়া হাইস্কুলে। পরে পড়াশোনা করেন ডুমুরিয়া কলেজে। তবে কৈশোরেই তাঁর জীবনে নেমে আসে বড় বিপর্যয়। সড়ক দুর্ঘটনায় বাবা-মাকে হারানোর পর পরিবারের অন্য সদস্যদের সহযোগিতায় বড় হতে থাকেন তিনি। এর প্রায় তিন বছর পর বড় ভাই অস্ট্রেলিয়ায় চলে গেলে ফুফুর বাড়িতে থাকতে শুরু করেন সোহান।
জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও নিজের ভবিষ্যৎ গড়ার চেষ্টা চালিয়ে যান তিনি। ২০১৫ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। ভর্তি হন মেলবোর্নের মোনাশ বিশ্ববিদ্যালয়ে। নতুন দেশ ও ভিন্ন পরিবেশে শুরু হয় তাঁর জীবনের আরেক অধ্যায়।
অস্ট্রেলিয়ায় অবস্থানকালে ডুমুরিয়ার জমাদ্দার পরিবারের মেয়ে সুরাইয়া মান্নানের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি নিজের কর্মজীবন নিয়েও নতুন পরিকল্পনা করতে থাকেন সোহান। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার একপর্যায়ে ব্যবসায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
শুরুতে একটি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এরপর ব্যবসার প্রয়োজনে মেলবোর্ন থেকে ব্রিসবেন, সেখান থেকে সিডনি এবং পরে অ্যাডিলেডে চলে যান। ব্যবসার শুরুতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও উদ্যোগ নেওয়া বন্ধ করেননি। এ সময় বড় ভাইয়ের উৎসাহ ও দিকনির্দেশনা তাঁর এগিয়ে যাওয়ার অন্যতম সহায়তা ছিল।
বর্তমানে বাংলাদেশের পোশাক ব্র্যান্ড ‘হেভি মেটাল টি-শার্ট’-এর সহমালিক নাজমুস সোহান। পাশাপাশি অস্ট্রেলিয়ায় একটি কলেজের সহমালিক এবং একটি ভাষা স্কুলের সহপ্রতিষ্ঠাতা হিসেবেও যুক্ত রয়েছেন তিনি।
ব্যবসায় নিজের অবস্থান তৈরি করার পর সম্পূর্ণ ভিন্ন পেশায় ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন সোহান। যোগ দিতে চান রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সে। তবে সামরিক বাহিনীতে প্রবেশের পথ সহজ ছিল না। প্রায় তিন বছর ধরে নিয়োগপ্রক্রিয়ার বিভিন্ন ধাপ অতিক্রম করার পর ফ্লাইং অফিসার হিসেবে বিমানবাহিনীতে যোগ দেন তিনি।
সামরিক বাহিনীর কঠোর প্রশিক্ষণ, নিয়মশৃঙ্খলা ও দায়িত্ব পালনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়েছে তাঁকে। ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা থাকলেও সামরিক পরিবেশ ছিল সম্পূর্ণ আলাদা। প্রশিক্ষণের প্রতিটি পর্যায়ে শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও দায়িত্ববোধের পরীক্ষা দিতে হয়েছে।
পরবর্তী সময়ে কর্মদক্ষতা ও দায়িত্ব পালনের ধারাবাহিকতায় ফ্লাইং অফিসার থেকে ফ্লাইট লেফটেন্যান্ট পদে উন্নীত হন নাজমুস সোহান। বর্তমানে অ্যাডিলেডের এডিনবরা বিমানঘাঁটির একটি বড় ইউনিটের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, এডিনবরা বিমানঘাঁটি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটি। দক্ষিণ অস্ট্রেলিয়ায় অবস্থিত এই ঘাঁটি নজরদারি, গোয়েন্দা কার্যক্রম ও সামরিক বিমান পরিচালনাসহ বিভিন্ন প্রতিরক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৯৫৪ সালে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া ঘাঁটিটি বর্তমানে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় বিশেষ ভূমিকা পালন করছে।
পেশাগত দায়িত্বের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও পরিবারকে গুরুত্ব দেন সোহান। স্ত্রী সুরাইয়া মান্নান ও এক বছর বয়সী মেয়ে সিজদাকে নিয়ে তাঁর সংসার। কর্মব্যস্ততার বাইরে মেয়ের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি। অবসরে বন্ধুদের সঙ্গে টেনিস খেলাও তাঁর অন্যতম পছন্দ।
ব্যবসা ও সামরিক বাহিনীর দায়িত্বের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন নাজমুস সোহান। অসচ্ছল মানুষের জন্য ঘর নির্মাণে সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ, মসজিদ নির্মাণ এবং প্রয়োজনীয় খাবার ও ওষুধ পৌঁছে দেওয়ার মতো বিভিন্ন উদ্যোগে অংশ নেন তিনি।
নিজের এসব সামাজিক উদ্যোগ নিয়ে প্রচারের চেয়ে নীরবে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন সোহান। ব্যক্তিগত ও পেশাগত জীবনের ব্যস্ততার মধ্যেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন।
ডুমুরিয়ার একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীতে দায়িত্বপূর্ণ পদে পৌঁছানোর এই যাত্রায় নানা প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে নাজমুস সোহানকে। কৈশোরে বাবা-মাকে হারানো, আত্মীয়ের বাড়িতে বেড়ে ওঠা, বিদেশে নতুন জীবন শুরু করা, ব্যবসায় ঝুঁকি নেওয়া এবং পরে সামরিক বাহিনীতে যোগ দেওয়া, প্রতিটি পর্যায়ে নতুন পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়েছে তাঁকে।
মাত্র ১৩ বছর বয়সে যে কিশোর বাবা-মাকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছিলেন, সেই নাজমুস সোহান আজ অস্ট্রেলিয়ার বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট। ব্যক্তিগত জীবনের কঠিন অভিজ্ঞতা পেরিয়ে ব্যবসা ও সামরিক বাহিনীতে তাঁর এই পথচলা অধ্যবসায়, পরিশ্রম ও নতুন করে শুরু করার একটি উল্লেখযোগ্য উদাহরণ।