বিজ্ঞাপন
লন্ডনে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন
আজিজুল আম্বিয়া, লন্ডন থেকে
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৭ এএম
বিজ্ঞাপন
লন্ডনে প্রয়াত আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘Bangladesh Jamaat-E Islami – Its History and Politics’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনের একটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন লন্ডন স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের (SOAS) অধ্যাপক মুশতাক খান। অনুষ্ঠানে আইনজীবী, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদসহ বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক জীবন, বাংলাদেশের রাজনীতিতে তাঁর ভূমিকা এবং রাজনৈতিক ইসলাম নিয়ে তাঁর দীর্ঘদিনের আগ্রহ ও চিন্তাভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা ইসলাম, গণতন্ত্র ও রাজনীতির পারস্পরিক সম্পর্ক বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের জাতীয় রাজনৈতিক পরিসরে তাঁর অবদান এবং রাজনৈতিক ইসলামের ভবিষ্যৎ নিয়ে তাঁর চিন্তার বিভিন্ন দিক আলোচনায় স্থান পায়।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর অবস্থান এবং এ বিষয়ে বাংলাদেশের ইতিহাস ও রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলমান বিতর্ক। বক্তারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পর্যালোচনা এবং অতীতের বিতর্ক ও মতপার্থক্য নিয়ে গঠনমূলক আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বইটিতে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস, বাংলাদেশের রাজনৈতিক বিকাশে দলটির ভূমিকা এবং সময়ের সঙ্গে দলটির রাজনৈতিক অবস্থানের বিবর্তন পর্যালোচনা করা হয়েছে। একই সঙ্গে ১৯৭১ সালের ঘটনাবলি ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রকাশ্য ও গঠনমূলক আলোচনার প্রয়োজনীয়তা, কাঠামোগত সংস্কার এবং উদারপন্থী, অন্তর্ভুক্তিমূলক মুসলিম রাজনৈতিক ধারার সম্ভাবনা ও প্রয়োজনীয়তার বিষয়গুলোও উঠে এসেছে।
অনুষ্ঠানে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়েও স্মৃতিচারণ করা হয়। বক্তারা তাঁকে একজন আইনজীবী, লেখক ও রাজনৈতিক চিন্তাবিদ হিসেবে স্মরণ করেন। বাংলাদেশের রাজনৈতিক ইসলাম, রাষ্ট্রব্যবস্থা এবং ধর্ম ও রাজনীতির সম্পর্ক নিয়ে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততার কথাও তুলে ধরেন তাঁরা।
বাবার স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর দুই ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক তাঁদের বাবার জীবন, ব্যক্তিত্ব ও পারিবারিক স্মৃতির বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁদের বক্তব্যে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা এবং তাঁর চিন্তা ও কর্মের স্মৃতি উঠে আসে।
বক্তারা আশা প্রকাশ করেন, ‘Bangladesh Jamaat-E Islami – Its History and Politics’ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস চর্চা, ধর্ম ও রাজনৈতিক আন্দোলনের পারস্পরিক সম্পর্ক এবং রাষ্ট্রের ভূমিকা নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা, রাজনৈতিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রশ্নেও বইটি পাঠক ও গবেষকদের চিন্তার নতুন ক্ষেত্র তৈরি করবে বলে তাঁরা মত দেন।
ব্যারিস্টার সাইয়েদ আফজাল জামির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুরমা পত্রিকার সাবেক সম্পাদক ও লেখক ফরিদ আহমেদ রেজা, আইনজীবী তালহা জামিল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, আজিজুর রহমান, লেখক মঈনউদ্দীন চৌধুরী এবং লেখকের দুই ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারক মোহাম্মদ বেলায়েত হোসেন, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ড. আব্দুল বারী, ড. শাহাদাত হোসাইন, ড. কামরুল হাসান, শাহ আলম, বেলাল হোসেন, ব্যারিস্টার ইকবাল হোসেন, ব্যারিস্টার আলিমুল হক, ব্যারিস্টার মাহাদী হাসান, ব্যারিস্টার ফারুক, মুজাহিদুল ইসলাম, সাইয়েদ বাকি, মুনসাত হাবিব, সলিসিটর ফারজানা করিম, সালাহ উদ্দিন, আব্দুল মুমিদ জুরু, সাংবাদিক আব্দুল কাইয়ুম, ফয়সাল মাহমুদ, হাসনাত চৌধুরী, বদরুজ্জামান, মাহবুব খানসুর, ফরিদ আহমেদ, রফিকুল ইসলাম এমদাদ, ব্যারিস্টার জুনেদ, ব্যারিস্টার নূরুল গাফ্ফার, ব্যারিস্টার খান আজম, এবিএম রাজিউর রহমান, আইনজীবী মাসুম, অ্যাকাউন্ট্যান্ট ইউসুফ আলী, হান্নান মিয়াজীসহ আরও অনেকে।
বইটির মোড়ক উন্মোচন ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক ইসলাম এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনা ও আলোচনার সুযোগ তৈরি হয়েছে বলে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন।