Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

ব্রিটেনে বাংলা সাংবাদিকতার শতবর্ষের ইতিহাস সংরক্ষণে উদ্যোগ

Icon

আজিজুল আম্বিয়া, লন্ডন থেকে

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৪ এএম

ব্রিটেনে বাংলা সাংবাদিকতার শতবর্ষের ইতিহাস সংরক্ষণে উদ্যোগ

বিজ্ঞাপন

ব্রিটেনে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতার শতবর্ষের ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে ইস্টহ্যান্ডস চ্যারিটি। এ উপলক্ষে ‘ব্রিটেনে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস: বাংলা সাংবাদিকতার ঐতিহ্য সংরক্ষণ’ শীর্ষক একটি প্রকল্প নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে মিডিয়া ব্রিফিং।

মিডিয়া ব্রিফিংয়ে ইস্টহ্যান্ডস চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন। তিনি ব্রিটেনে বাংলা সংবাদপত্রের দীর্ঘ ইতিহাস, প্রবাসী বাঙালি সমাজের বিকাশে সাংবাদিকতার অবদান এবং এই ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।

তিনি বলেন, ব্রিটেনে বাংলা সংবাদপত্রের ইতিহাস প্রবাসী বাঙালির সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ দলিল। এই ইতিহাস সংরক্ষণের মাধ্যমে অতীতের সাংবাদিকতা, সংবাদপত্রের ভূমিকা এবং প্রবাসে বাঙালির সংগ্রাম ও সাফল্যের নানা অধ্যায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।

প্রকল্পের ব্যবস্থাপক ও সাংবাদিক এ এস এম মাসুম এবং সায়েম চৌধুরী উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তাঁরা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ব্রিটেনে বাংলা সাংবাদিকতার ঐতিহাসিক উপাদান সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা। তিনি বাংলা গণমাধ্যমের ইতিহাস সংরক্ষণে এ ধরনের উদ্যোগের তাৎপর্য তুলে ধরেন। এ ছাড়া লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ জুবায়েরসহ বিশিষ্ট সাংবাদিকেরা বক্তব্য দেন।

বক্তারা ব্রিটেনে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতার দীর্ঘ পথচলা, প্রবাসী বাঙালি সমাজে গণমাধ্যমের ভূমিকা এবং এই ঐতিহ্য সংরক্ষণে সংশ্লিষ্ট সবার সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

মিডিয়া ব্রিফিং শেষে সাংবাদিকেরা পারস্পরিক মতবিনিময় ও আন্তরিক আড্ডায় অংশ নেন। সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নানা বিষয় নিয়ে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ব্রিটেনে বাংলা সাংবাদিকতার শতবর্ষের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করে তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইস্টহ্যান্ডস চ্যারিটির এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার