বিজ্ঞাপন
মালদ্বীপে দুর্ঘটনায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ এএম
বিজ্ঞাপন
মালদ্বীপের মাফুশী আইল্যান্ডে নির্মাণকাজে দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশি মো. আবু তাহের লিটনের মরদেহ দেশে তার পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন।
মরহুম আবু তাহের লিটন নোয়াখালীর কবিরহাট উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মালদ্বীপে কর্মরত ছিলেন।
বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর মাফুশী আইল্যান্ডে নির্মাণকাজে নিয়োজিত অবস্থায় এক দুর্ঘটনায় আবু তাহের লিটনের মৃত্যু হয়।
মৃত্যুর সংবাদ পাওয়ার পর বাংলাদেশ হাইকমিশন তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। একই সঙ্গে মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নিয়োগকর্তার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হয়।
সকল আনুষ্ঠানিকতা শেষে গত ৩ অক্টোবর তার মরদেহ বাংলাদেশে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
আবু তাহের লিটনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এই কঠিন সময়ে আবু তাহের লিটনের পরিবারের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছেন হাইকমিশনার।