বিজ্ঞাপন
নিউইয়র্কে সম্পর্ক জোড়া লাগাতে এসে প্রেমিকা ও ৫ মাসের শিশুকে ১৫ তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে এক মর্মান্তিক ঘটনায় নিজের প্রেমিকা এবং ৫ মাস বয়সী কন্যা সন্তানকে ১৫ তলার বারান্দা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গত মঙ্গলবার ভোর ৩টা ৪০ মিনিটের দিকে ২৫৫০ অলিনভিল অ্যাভিনিউয়ের একটি অ্যাপার্টমেন্ট ভবনে এই ভয়াবহ ঘটনা ঘটে।
অভিযুক্ত ৩১ বছর বয়সী অ্যাঞ্জেল কারাস্কো বর্তমানে পলাতক রয়েছেন এবং পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। এই ঘটনায় ২৩ বছর বয়সী প্রেমিকা নাথালি রামিরেজ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে সৌভাগ্যবশত তাদের শিশু সন্তানটি বেঁচে গেলেও গুরুতর আহত অবস্থায় জ্যাকোবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ঘটনার দিন অ্যাঞ্জেল কারাস্কো তাদের টানাপোড়েনের সম্পর্ক জোড়া লাগানোর উদ্দেশ্যে এক তোড়া ফুল হাতে নিয়ে নাথালির অ্যাপার্টমেন্টে এসেছিলেন। এর আগে তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতার একাধিক অভিযোগ ছিল।
কিন্তু তাদের এই আপসের চেষ্টা ব্যর্থ হলে অ্যাঞ্জেল হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কোলে সন্তান থাকা অবস্থাতেই নাথালিকে ১৫ তলার বারান্দা থেকে নিচে ফেলে দেন। ঘটনার পরপরই অভিযুক্ত অ্যাঞ্জেল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে পুলিশ সেখানে সেই ফুলের তোড়াটি পড়ে থাকতে দেখে, যা দিয়ে সে মূলত সম্পর্ক ঠিক করার আশা করেছিল। এছাড়া ভবনের নিচে একটি ডায়াপার ও শিশুর কম্বল পড়ে থাকতে দেখা যায়।
এর আগে চলতি বছরেই অ্যাঞ্জেলের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগে অন্তত দু’বার মামলা হয়েছিল। গত ৫ জানুয়ারি নাথালিকে চড় মারার অভিযোগে এবং এর ঠিক তিন দিন পর ৮ জানুয়ারি নাথালির অ্যাপার্টমেন্টের তালা ভেঙে ভেতরে প্রবেশ করার অপরাধে তিনি অভিযুক্ত হন।
শুধু তাই নয়, প্রাক্তন এক প্রেমিকাকে হুমকি দিয়ে মেসেজ পাঠানো এবং ২০১৬ সালে ভুয়া পরিচয় দেওয়া ও অবৈধ মাদক রাখার মতো অপরাধের রেকর্ডও তার রয়েছে।
নিহত নাথালি রামিরেজকে তার প্রতিবেশীরা অত্যন্ত 'মিষ্টি স্বভাবের' ও স্নেহময়ী মা হিসেবে বর্ণনা করেছেন। লিঙ্কডইন প্রোফাইলের তথ্যমতে, তিনি ব্রঙ্কস লিডারশিপ একাডেমি হাই স্কুল থেকে স্নাতক সম্পন্ন করে বারুচ কলেজে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিলেন।
পাশাপাশি ম্যানহাটনের 'লিশন কনসাল্টিং' নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার সহকর্মীদের মতে, তিনি অত্যন্ত কঠোর পরিশ্রমী, দৃঢ়চেতা এবং ক্যারিয়ারের লক্ষ্য পূরণে নিবেদিতপ্রাণ একজন তরুণী ছিলেন। তার এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও পরিচিতদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।