Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

যুক্তরাষ্ট্রে কিশোরীর সঙ্গে অনলাইন প্রেম, আসল বয়স-পরিচয় লুকিয়ে ভারত থেকে দেখা করতে গিয়ে গ্রেপ্তার যুবক

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:১৩ পিএম

যুক্তরাষ্ট্রে কিশোরীর সঙ্গে অনলাইন প্রেম, আসল বয়স-পরিচয় লুকিয়ে ভারত থেকে দেখা করতে গিয়ে গ্রেপ্তার যুবক

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আসল বয়স ও পরিচয় লুকিয়ে যুক্তরাষ্ট্রের এক কিশোরীর সঙ্গে দীর্ঘমেয়াদি প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগে প্রীত পঙ্কজ জৈন নামের এক ভারতীয় যুবককে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। ৩১ বছর বয়সী ওই যুবকের বাড়ি ভারতের মুম্বাইয়ে। সম্পর্ক ভেঙে দেওয়ার পর ওই কিশোরীর সঙ্গে দেখা করতে ভারত থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের ডেভিডসন কাউন্টিতে পাড়ি জমিয়েছিলেন তিনি।

ডেভিডসন কাউন্টি শেরিফ অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর নর্দান ডেভিডসন কাউন্টির মেডোল্যান্ডস এলাকায় এক উবার চালক পুলিশকে জানান যে তার এক প্রাপ্তবয়স্ক পুরুষ যাত্রী এক কিশোরীকে অনুসরণ বা স্টকিং করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং ওই ব্যক্তিকে আটক করে।

পুলিশি জিজ্ঞাসাবাদে প্রীত পঙ্কজ জৈন নামের ওই যুবক দাবি করেন, তিনি তার অনলাইন প্রেমিকার জন্য কিছু উপহার রেখে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তদন্তে বেরিয়ে আসে যে ওই প্রেমিকা আসলে একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরী।

শেরিফ অফিসের ক্রিমিনাল ইনভেস্টিগেশনস ডিভিশনের গোয়েন্দারা জৈনকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন এবং তার ডিজিটাল ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠান। তদন্তে জানা যায়, জৈন সামাজিক মাধ্যমে নিজের আসল বয়স ও পরিচয় গোপন করে নিজেকে কম বয়সী হিসেবে তুলে ধরেছিলেন এবং ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন।

কিন্তু যখন কিশোরীটি তার আসল পরিচয় জানতে পারে, তখন সে সম্পর্ক ছিন্ন করে তাকে ব্লক করে দেয়। আর এর পরপরই সম্পর্ক পুনঃস্থাপনের উদ্দেশ্যে জৈন মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রে ছুটে যান।

গ্রেপ্তারের পর জৈনের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কের যৌন শোষণের চার মাত্রার প্রথম ডিগ্রি, চার মাত্রার তৃতীয় ডিগ্রি এবং একবার যৌন চাঁদাবাজির (extortion) অভিযোগ আনা হয়েছে। ডেভিডসন কাউন্টি ডিটেনশন সেন্টারে জামিন ছাড়াই তাকে আটক রাখা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে রাখার নির্দেশ দেন। আগামী ৬ অক্টোবর ডেভিডসন কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্টে তাকে পুনরায় হাজির করার কথা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার