Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

১১৯ দল পেরিয়ে আন্তর্জাতিক খাদ্যব্যবস্থা উদ্ভাবন চ্যালেঞ্জে বিশ্বসেরা ছয়ে বাকৃবির শিক্ষার্থীরা

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৬ এএম

১১৯ দল পেরিয়ে আন্তর্জাতিক খাদ্যব্যবস্থা উদ্ভাবন চ্যালেঞ্জে বিশ্বসেরা ছয়ে বাকৃবির শিক্ষার্থীরা

বিজ্ঞাপন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘দ্য গোল্ডেন লুপ’ আন্তর্জাতিক খাদ্যব্যবস্থা উদ্ভাবন চ্যালেঞ্জ ২০২৬-এ বিশ্বের শীর্ষ ছয় দলের মধ্যে স্থান করে নিয়েছে। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য ও খাদ্যনিরাপত্তার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ১১৯টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এ সাফল্য অর্জন করেছে দলটি।

‘দ্য গোল্ডেন লুপ’ দলের আট সদস্যের মধ্যে ছয়জন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা হলেন মুর্শিদা জাহান মিতু, নূর আয়শা চৌধুরী, আরকানুল ইসলাম আকিক, সাদিয়া ইসলাম বাধন, সাইফা সাবা হোসাইন এবং কুর্চি রহমান লুবা। দলের অন্য দুই সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিটন ত্রিপুরা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহসানি তাকবিম এশা।

প্রতিযোগিতার শুরুতে ১১৯টি প্রস্তাবের মধ্য থেকে নির্বাচিত হয়ে দলটি শীর্ষ ৩০-এ জায়গা করে নেয়। এরপর প্রস্তাবিত সমাধান বাস্তবায়ন ও উন্নয়নের জন্য দলটি ১ হাজার ইউরোর বীজ অনুদান পায়। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ছয় মাস ধরে মাঠপর্যায়ের কাজ, পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে প্রকল্পটি এগিয়ে নেওয়া হয়।

‘দ্য গোল্ডেন লুপ’-এর প্রকল্পটি মূলত পাট ও পাটজাত উপকরণ ব্যবহার করে টেকসই মাছ চাষব্যবস্থা গড়ে তোলার ওপর ভিত্তি করে তৈরি। প্রকল্পটির লক্ষ্য পুকুরের পাড়ের ভাঙন কমানো, পানির মান উন্নত করা এবং পাটের বর্জ্য ও উপজাতকে কাজে লাগিয়ে একটি চক্রাকার ও পরিবেশবান্ধব জলজ খাদ্যব্যবস্থা তৈরি করা। প্রকল্পের বিভিন্ন পর্যায়ে পাটজাত উপকরণ, জৈব কয়লা এবং প্রকৃতিভিত্তিক সমাধান ব্যবহারের মাধ্যমে মাছ চাষকে আরও টেকসই করার বিষয়টি পরীক্ষা করা হয়েছে।

আন্তর্জাতিক খাদ্যব্যবস্থা উদ্ভাবন চ্যালেঞ্জটি নেদারল্যান্ডসের ওয়াখেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ এবং নেদারল্যান্ডস ফুড পার্টনারশিপ যৌথভাবে আয়োজন করে। ২০২৬ সালের প্রতিযোগিতায় ১৭টি অংশীদার বিশ্ববিদ্যালয় থেকে ৩০টি দল নির্বাচিত হয়েছিল। ২৯ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের ওয়াখেনিনজেনে প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

প্রকল্পটির উন্নয়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হারুনুর রশীদ দলটির পরামর্শক হিসেবে কাজ করেছেন। দলের সদস্যরা জানিয়েছেন, প্রকল্পের বিভিন্ন পর্যায়ে তার দিকনির্দেশনা ও সহযোগিতা তাদের কাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অধ্যাপক ড. মোহাম্মদ মোফিজুর রহমান জাহাঙ্গীর এবং অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমানও প্রকল্পের উন্নয়নে কারিগরি সহায়তা, পরামর্শ ও উৎসাহ দিয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের দলের সঙ্গে প্রতিযোগিতা করে শীর্ষ ছয়ে পৌঁছানোকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় কৃষি ও জলজ খাদ্যব্যবস্থার সমস্যা থেকে উদ্ভাবনী সমাধান তৈরি করে তা আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশের তরুণ গবেষকদের সম্ভাবনাও তুলে ধরেছে ‘দ্য গোল্ডেন লুপ’।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার