বিজ্ঞাপন
বাংলাদেশি নাবিলের নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান ফিনে দুই কোটি ডলার বিনিয়োগ, ঢাকায়ও অফিস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পিএম
বিজ্ঞাপন
বাংলাদেশে জন্ম নেওয়া উদ্যোক্তা নাবিল আলমগীরের সহপ্রতিষ্ঠিত নিউইয়র্কভিত্তিক আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফিন দুই কোটি ডলারের প্রাথমিক বিনিয়োগ পেয়েছে। আন্তর্জাতিক অর্থ লেনদেনের অবকাঠামো গড়ে তোলা প্রতিষ্ঠানটি ১৫ সেপ্টেম্বর বিনিয়োগের ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের কার্যক্রম প্রকাশ্যে আনে।
এই বিনিয়োগে নেতৃত্ব দিয়েছে এক্সপা ও উবারের সহপ্রতিষ্ঠাতা গ্যারেট ক্যাম্প। অংশ নিয়েছে কয়েনবেস ভেঞ্চারস, টেনেট ফান্ড, সেকেন্ড সাইট ভেঞ্চারসসহ আরও কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও ব্যক্তি। দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, বিনিয়োগের প্রক্রিয়া আগস্টে সম্পন্ন হয়।
নাবিল আলমগীর ও মুস্তফা দার মিলে ফিন প্রতিষ্ঠা করেছেন। নাবিল এর আগে রেস্তোরাঁর জন্য প্রযুক্তিসেবা প্রতিষ্ঠান লাঞ্চবক্স প্রতিষ্ঠা করেন। মুস্তফা দার বেসরকারি বিমানসেবা প্রতিষ্ঠান টোয়েন্টিফোর সেভেন জেটের প্রতিষ্ঠাতা এবং এক্সপার ভেঞ্চার পার্টনার।
ফিন এমন পেমেন্ট অবকাঠামো তৈরি করছে, যা অন্য প্রতিষ্ঠান নিজেদের ব্র্যান্ডের অধীনে ব্যবহার করতে পারে। এর মাধ্যমে স্টেবলকয়েনের সঙ্গে স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট ও ডিজিটাল ওয়ালেটের সংযোগ তৈরি করে এক দেশ থেকে অন্য দেশে অর্থ পাঠানো সহজ করার লক্ষ্য রয়েছে।
কোম্পানির দাবি, তাদের সেবা ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিশ্বজুড়ে ৮২ কোটি ৫০ লাখ ব্যবহারকারীর কাছে পৌঁছানোর সুযোগ রয়েছে। এই সংখ্যা ফিনের সরাসরি গ্রাহকসংখ্যা নয়, বরং তাদের ক্লায়েন্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত ব্যবহারকারীর হিসাব।
নিউইয়র্কের পাশাপাশি লাস ভেগাস, দুবাই, ঢাকা, বেঙ্গালুরু ও লাহোরে ফিনের অফিস রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ছয়টি অফিসে দুই শতাধিক কর্মী কাজ করছেন এবং ইতোমধ্যে সাতটি প্রতিষ্ঠান অধিগ্রহণ করা হয়েছে।
ব্যবসা সম্প্রসারণে স্থানীয় লাইসেন্সধারী প্রতিষ্ঠান অধিগ্রহণ করে সেগুলোকে এক নেটওয়ার্কে যুক্ত করছে ফিন। কোম্পানির ভাষ্য, এতে স্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক, বিদ্যমান অনুমোদন ও বাজার সম্পর্কে অভিজ্ঞতা কাজে লাগানো যাচ্ছে। নতুন বিনিয়োগ আরও আন্তর্জাতিক লেনদেনের পথে সেবা সম্প্রসারণ এবং অধিগ্রহণে ব্যবহার করা হবে।