বিজ্ঞাপন
স্পনসরের অনুমতি ছাড়া অনলাইন ব্যবসা, রিয়াদে প্রবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা
সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ এএম
বিজ্ঞাপন
সৌদি আরবের রাজধানী রিয়াদে স্পনসরের কাছ থেকে অনুমতি না নিয়ে ব্যক্তিগত লাভের জন্য অনলাইন ব্যবসা পরিচালনার সঙ্গে জড়িত প্রবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সৌদি বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদের আল-বাথা এলাকায় একটি অনুমতিহীন প্রতিষ্ঠানে প্রবাসীদের অনলাইন স্টোর খোলা ও পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। প্রশিক্ষণের জন্য প্রত্যেকের কাছ থেকে ৩০০ সৌদি রিয়াল নেওয়া হতো। একইসঙ্গে প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ই-কমার্স সার্টিফিকেট দেওয়ার দাবি করা হলেও প্রতিষ্ঠানটির এ ধরনের কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় লাইসেন্স ছিল না।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া কিছু এশীয় কর্মী নিজেদের স্পনসর থেকে পালিয়ে গিয়ে ব্যক্তিগত লাভের জন্য অনলাইন স্টোর পরিচালনা করছিলেন। প্রতিষ্ঠানটি পরিচালনার সঙ্গে একজন বিদেশি বিনিয়োগকারী এবং আরও দুই প্রবাসী জড়িত ছিলেন।
বিষয়টি শনাক্ত হওয়ার পর সৌদি বাণিজ্য মন্ত্রণালয়, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং রিয়াদ পুলিশের সংশ্লিষ্ট ইউনিট যৌথ অভিযান চালায়। অভিযানে নিয়মবহির্ভূতভাবে কাজ করা ব্যক্তিদের আটক করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়। দুই প্রবাসীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আর বিদেশি বিনিয়োগকারীকে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সৌদি বিনিয়োগ মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে।
সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য এবং সংশ্লিষ্ট প্রতিবেদনে আটক ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক বলা হয়নি। সেখানে তাদের এশীয় কর্মী বা প্রবাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে এই ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছিলেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সৌদি কর্তৃপক্ষের এই অভিযান থেকে আবারও স্পষ্ট হয়েছে, স্পনসরের অনুমতি ছাড়া অন্যের হয়ে বা ব্যক্তিগত লাভের জন্য কাজ করা এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ই-কমার্স কার্যক্রম পরিচালনা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, সৌদি আরবে বৈধ অনুমতি ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া অতিরিক্ত কাজ, ব্যক্তিগত ব্যবসা কিংবা অনলাইন বাণিজ্যে যুক্ত হওয়ার আগে সংশ্লিষ্ট নিয়মকানুন সম্পর্কে নিশ্চিত হওয়া।