Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

নিউইয়র্কবাসীদের জন্য সুখবর, বিনামূল্যে ৭০ হাজার অপেরা টিকিট দিচ্ছেন মেয়র মামদানি

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

নিউইয়র্কবাসীদের জন্য সুখবর, বিনামূল্যে ৭০ হাজার অপেরা টিকিট দিচ্ছেন মেয়র মামদানি

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বাসিন্দাদের জন্য বিনামূল্যে অপেরা উপভোগ করার এক দারুণ সুযোগ নিয়ে এসেছেন মেয়র জোহরান মামদানি। জীবনে যারা কখনো অপেরা পারফরম্যান্স দেখার সুযোগ পাননি, তাদের জন্য 'অপেরা ফর অল' বা সবার জন্য অপেরা শীর্ষক নতুন একটি উদ্যোগ চালু করেছে মামদানি প্রশাসন। এই কর্মসূচির আওতায় নিউইয়র্কবাসীদের মাঝে ৭০ হাজার ফ্রি অপেরা টিকিট বিতরণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএবিসি টিভি।

বৃহস্পতিবার মেয়র জোহরান মামদানি, অর্থনৈতিক ন্যায়বিচার বিষয়ক ডেপুটি মেয়র জুলি সু এবং নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কালচারাল অ্যাফেয়ার্স কমিশনার দিয়া ভিজ যৌথভাবে এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন। এই কর্মসূচির অধীনে মেট্রোপলিটন অপেরার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে শহর কর্তৃপক্ষ ২০২৬ থেকে ২০২৭ মৌসুমের জন্য চলতি সেপ্টেম্বর থেকে প্রতি মাসে লটারির মাধ্যমে ১০ হাজার টিকিট বিনামূল্যে প্রদান করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মামদানি বলেন, এই শিল্পমাধ্যমটি সবার দেখার জন্য তৈরি হয়েছে, কেবল যাদের আর্থিক সামর্থ্য আছে তাদের জন্য এটি সীমাবদ্ধ থাকা উচিত নয়। তিনি আরও বলেন, ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে তা বিবেচনা না করেই প্রত্যেক নিউইয়র্কবাসীর এই আসনগুলোতে বসার, এই কণ্ঠস্বরগুলো শোনার এবং এই মঞ্চের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাওয়া উচিত।

এই বিনামূল্যের টিকিট পেতে আগ্রহীরা অন ডট এনওয়াইসি ডট গভ স্ল্যাশ অপেরা (on.nyc.gov/opera) ওয়েবসাইটে বা মেট অপেরা অ্যাপের মাধ্যমে লটারিতে অংশ নিতে পারবেন। তবে এই লটারিটি শুধুমাত্র তাদের জন্যই উন্মুক্ত, যারা ২০১৯ সালের পর থেকে মেট অপেরার কোনো টিকিট কেনেননি। কর্তৃপক্ষ জানিয়েছে, থিয়েটারের সব প্রান্তেই টিকিটের ব্যবস্থা থাকবে, যার মধ্যে দাঁড়িয়ে দেখার স্থানগুলোও অন্তর্ভুক্ত।

চলতি মৌসুমে যেসব বিখ্যাত পরিবেশনা মঞ্চস্থ হতে যাচ্ছে তার মধ্যে রয়েছে ম্যাকবেথ, লিংকন ইন দ্য বার্ডো এবং লা বোহেম।

শিল্প ও সংস্কৃতিকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করার লক্ষ্যে মেয়র মামদানির বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই নতুন ঘোষণা দেওয়া হলো। এর আগে গত গ্রীষ্মে থিয়েটার ডেভেলপমেন্ট ফান্ডের সাথে অংশীদারিত্বের মাধ্যমে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এবং স্বল্প মূল্যে ব্রডওয়ে ও অফ ব্রডওয়ে টিকিটের ব্যবস্থা করেছিলেন তিনি। মেট্রোপলিটন অপেরা বা দ্য মেট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আগামী সব মৌসুমেও অপেরা ফর অল কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা করছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার