Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

নিজেকে নিউইয়র্কের রাজা দাবি করা বাংলাদেশি সুপারমার্কেট মালিক অপহরণ মামলায় দোষী সাব্যস্ত

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

নিজেকে নিউইয়র্কের রাজা দাবি করা বাংলাদেশি সুপারমার্কেট মালিক অপহরণ মামলায় দোষী সাব্যস্ত

বিজ্ঞাপন

নিউইয়র্কের কুইন্সে বাংলাদেশি কমিউনিটির মধ্যে প্রতিশোধমূলক অপহরণের একটি চক্র পরিচালনার দায়ে আবু চৌধুরী নামে ৩৬ বছর বয়সী এক সুপারমার্কেট মালিককে দোষী সাব্যস্ত করেছেন ব্রুকলিনের ফেডারেল আদালতের জুরি। দুই সপ্তাহের বিচার শেষে বৃহস্পতিবার মাত্র দুই ঘণ্টা deliberation করে জুরি তাকে তিনটি অপহরণ এবং তিনটি অপহরণের ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করেন।

মার্কিন অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, ২০২৩ সালের ২৭ মার্চ থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত প্রায় ছয় সপ্তাহের ব্যবধানে তিনজনকে অপহরণের ঘটনায় চৌধুরীর সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। মামলায় ভুক্তভোগীদের আদালতে জন ডো-১, জন ডো-২ ও জন ডো-৩ নামে উল্লেখ করা হয়েছে।

চৌধুরী কুইন্সের জ্যামাইকা এলাকায় বিডি ফ্রেশ সুপারমার্কেটের সহ-মালিক। প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, নিজের প্রভাব ও সুনাম বাড়ানোর পাশাপাশি তৎকালীন প্রেমিকা এবং বর্তমানে স্ত্রী ইফফাত লুবনার সম্মান রক্ষার দাবিতে তিনি অপহরণের পরিকল্পনাগুলোতে জড়িয়েছিলেন। আদালতে সরকারি কৌঁসুলি জোশুয়া ট্যানেন বলেন, চৌধুরী নিজেকে ‘কিং অব নিউইয়র্ক’ হিসেবে উপস্থাপন করতে চাইতেন।

মামলার প্রথম ঘটনাটি ঘটে ২০২৩ সালের ২৭ মার্চ। প্রসিকিউশন অনুযায়ী, কুইন্সের জ্যামাইকার ১৮১তম স্ট্রিট ও হিলসাইড অ্যাভিনিউয়ের কাছে হাঁটছিলেন জন ডো-১। সেখান থেকে তাকে জোর করে একটি হোন্ডা এসইউভিতে তোলা হয়। এরপর প্রায় ১৩ ঘণ্টা ধরে তাকে কুইন্সের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয় এবং মারধর করা হয়।

আদালতে উপস্থাপিত প্রমাণ অনুযায়ী, ওই ঘটনায় চৌধুরী ভুক্তভোগীকে গাড়ি থেকে নামিয়ে একটি আবাসিক এলাকায় নগ্ন অবস্থায় দাঁড় করিয়ে ভিডিও ধারণ করেন। পরে অপহরণকারীরা তাকে পানি দেয়, যাতে ঘুমের ওষুধ মেশানো ছিল। ওই পানি পান করার পর তিনি জ্ঞান হারান এবং পরদিন এক স্থানীয় হাসপাতালে জ্ঞান ফিরে পান।

দ্বিতীয় ও তৃতীয় অপহরণের ঘটনা ঘটে ২০২৩ সালের মে মাসে। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, চৌধুরী ও লুবনা জন ডো-৩কে প্রলুব্ধ করে নিজেদের গাড়িতে তোলেন। বাংলাদেশে কলেজে পড়ার সময় তাদের পরিচয় ছিল এবং পরে দুজনই যুক্তরাষ্ট্রে যাওয়ার পর আবার যোগাযোগ হয়। লুবনার সম্পর্কে ওই ব্যক্তির করা মন্তব্যকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ তৈরি হয় বলে প্রসিকিউটররা আদালতে জানান।

১০ মে থেকে শুরু হওয়া ওই ঘটনায় ভুক্তভোগীকে কুইন্সের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় এবং মারধর করা হয়। পরে তাকে অন্য একটি ভুক্তভোগীর সঙ্গে একটি হোটেল কক্ষে নেওয়া হয়। মামলার প্রমাণ অনুযায়ী, সেখানে তাকে ভয় দেখিয়ে অপর ভুক্তভোগীকে মারধর করতে বাধ্য করার চেষ্টা করা হয়।

এর পরদিন, ১১ মে, আরেক ব্যক্তিকে কুইন্সের জ্যাকসন হাইটস এলাকায় অপহরণ করা হয়। ওই ব্যক্তি লুবনার সঙ্গে দেখা করার জন্য একটি রেস্তোরাঁর কাছে অপেক্ষা করছিলেন। প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, চৌধুরী তাকে জোর করে একটি মিনিভ্যানে তুলে নেন এবং মারধর করেন। পরে তাকে একটি হোটেলে নেওয়া হয়। সেখানে চৌধুরীর বিরুদ্ধে তাকে যৌন নির্যাতনের অভিযোগও প্রমাণিত হয়েছে।

এই ঘটনায় ভুক্তভোগীর বাবার কাছে ২০ হাজার ডলার মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে। অপহরণের তৃতীয় দিনে ভুক্তভোগীকে হাত-পা বেঁধে ও চোখ ঢেকে একটি পরিত্যক্ত বাড়িতে রেখে যাওয়া হয়। পরে তিনি নিজের বাঁধন খুলে একটি জানালা ভেঙে বের হয়ে স্থানীয় বাসিন্দাদের সাহায্য চান। গুরুতর আঘাতের কারণে তাকে এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

মামলাটিতে চৌধুরীর স্ত্রী ইফফাত লুবনাও আগে দোষী সাব্যস্ত হয়েছেন। চলতি বছরের ৯ এপ্রিল জুরি তাকে জন ডো-২ ও জন ডো-৩কে অপহরণ এবং অপহরণের ষড়যন্ত্রের ঘটনায় দোষী সাব্যস্ত করে। এছাড়া সাইয়েদ রুবেল আহমেদ ও সুলতানা রাজিয়াও জন ডো-১কে অপহরণের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, চৌধুরী, লুবনা, আহমেদ ও রাজিয়া দোষী সাব্যস্ত হওয়া অপরাধগুলোর জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। তাদের সাজা পরে আদালত নির্ধারণ করবে।

ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের মার্কিন অ্যাটর্নি জোসেফ নোসেলা বলেন, আসামি ও তার সহযোগীদের কর্মকাণ্ড ছিল নিষ্ঠুর ও অর্থহীন এবং এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা যায় না। এফবিআই ও নিউইয়র্ক পুলিশ বিভাগের যৌথ সহিংস অপরাধবিরোধী টাস্কফোর্স তদন্তে সহায়তা করেছে।

আদালতের তথ্য অনুযায়ী, রায়ের পরও চৌধুরী তাৎক্ষণিকভাবে কারাগারে যাননি। বিচারক নিনা মরিসন তাকে ২ লাখ ৫০ হাজার ডলারের বন্ডে, গৃহবন্দি অবস্থায় থাকার সুযোগ দিয়েছিলেন। প্রসিকিউটররা ওই জামিন বাতিলের আবেদন করেছেন। রায়ের পর শুক্রবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

কুইন্সের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত এই মামলার সূত্রপাত ২০২৩ সালের অপহরণগুলোর তদন্ত থেকে। ২০২৪ সালের জানুয়ারিতে মার্কিন বিচার বিভাগ প্রথমবার চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে সহিংস অপহরণের অভিযোগের কথা জানায়। তখন কর্তৃপক্ষ বলেছিল, অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগীরা একই জাতিগত কমিউনিটির সদস্য ছিলেন।

চলতি বছরের এপ্রিল, জুন ও সেপ্টেম্বরের পৃথক বিচার ও রায়ের মধ্য দিয়ে মামলাটির বিভিন্ন আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়েছে। সর্বশেষ চৌধুরীর বিরুদ্ধে তিনটি অপহরণ ও তিনটি অপহরণের ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার মধ্য দিয়ে মামলার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ শেষ হলো।

সূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্ক; নিউইয়র্ক ডেইলি নিউজ

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার