বিজ্ঞাপন
নিউইয়র্ক সিটিতে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ছাড়াই চাকরি, বেতন ৪৯ হাজার ডলার পর্যন্ত
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ এএম
বিজ্ঞাপন
শিক্ষাগত যোগ্যতা ও পূর্ব অভিজ্ঞতার বাধ্যবাধকতা ছাড়াই আকর্ষণীয় চাকরির সুযোগ দিচ্ছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। যারা অপেক্ষাকৃত কম যোগ্যতায় ভালো কাজের সন্ধান করছেন, তাদের জন্য নিউইয়র্ক সিটির অফিশিয়াল ক্যারিয়ার ওয়েবসাইট ‘জবসএনওয়াইসি’ (JobsNYC) পোর্টালে বেশ কিছু এন্ট্রি-লেভেল পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এসব পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনো ধরনের আনুষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। কেবল ইংরেজি ভাষায় দক্ষতা এবং সাধারণ নির্দেশনা বুঝে কাজ করার সক্ষমতা থাকলেই এই পদগুলোর জন্য আবেদন করা যাবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিপার্টমেন্ট অব প্রোবেশন তাদের দৈনন্দিন কাজ পরিচালনার জন্য ছয়জন ‘কমিউনিটি অ্যাসিস্ট্যান্ট’ নিয়োগ দিচ্ছে। তাদের মূল কাজ হবে সাধারণ দাপ্তরিক কাজ সম্পন্ন করা এবং ফ্রন্ট ডেস্ক সামলানো।
অন্যদিকে, ডিপার্টমেন্ট অব হোমলেস সার্ভিসেসও একই পদে দুজন কর্মী খুঁজছে। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মালামাল ওঠানো-নামানো ও গুদামজাত করা এবং ক্লায়েন্টদের কার্যক্রম তদারকিতে সহায়তা করা।
এই পদের কর্মীদের রবিবার থেকে বৃহস্পতিবার রাত ১২টা থেকে সকাল ৮টা অথবা মঙ্গলবার থেকে শনিবার বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত শিফটে কাজ করতে হবে। উভয় বিভাগের এই পদগুলোর জন্যই বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৯৭০ ডলার থেকে ৪৯ হাজার ৩০ ডলার পর্যন্ত।
এছাড়াও, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) হিউম্যান রিসোর্সেস ডিভিশন তাদের প্রি-এমপ্লয়মেন্ট সার্ভিসেস ইউনিটের জন্য দুজন ‘কমিউনিটি অ্যাসিস্ট্যান্ট’ নিয়োগ দিচ্ছে।
এই পদে কর্মরতদের প্রধান দায়িত্ব হবে সম্ভাব্য চাকরিপ্রার্থীদের প্রাথমিক যাচাই-বাছাই করা, নিয়োগ সংক্রান্ত ইভেন্টের ক্যালেন্ডার পরিচালনা করা এবং সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করা। নির্বাচিত কর্মীদের সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টার শিফটে কাজ করতে হবে।