বিজ্ঞাপন
নিউইয়র্ক সিটির ২০০টিরও বেশি স্কুলজোনে স্পিড লিমিট ১৫ মাইল কার্যকর
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পিএম
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত নিরাপদ করতে নিউইয়র্ক সিটির পাঁচ বরোতে ২০০টিরও বেশি স্কুল জোনে স্পিড লিমিট ঘণ্টায় ১৫ মাইল কার্যকর করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এমন স্কুল জোনের সংখ্যা প্রায় ৮০০তে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও খোলা জায়গায় শেখার সুযোগ দিতে একটি স্কুলের সামনের রাস্তায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার জন্য প্রথমবারের মতো বিশেষ গেট বসাচ্ছে সিটি।
বুধবার, ৯ সেপ্টেম্বর সিবিএস নিউইয়র্কের প্রতিবেদনে জানানো হয়, সিটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন স্কুলসংলগ্ন এসব এলাকায় নতুন স্পিড লিমিট কার্যকর করেছে। স্কুলে আসা ও ছুটির পর বাড়ি ফেরার পথে শিশু এবং অভিভাবকদের নিরাপত্তা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মেয়র জোহরান মামদানি বলেন, প্রতিটি শিক্ষার্থীর নিরাপদ বোধ করে স্কুলে যাওয়ার অধিকার রয়েছে। একইভাবে সন্তানকে স্কুলে পাঠানোর সময় প্রতিটি অভিভাবকেরও নিশ্চিন্ত থাকার সুযোগ থাকা উচিত। স্কুলের আশপাশের রাস্তা নিরাপদ করতে তাঁর প্রশাসন কাজ চালিয়ে যাবে।
সিটির পরিবহন কমিশনার মাইক ফ্লিন জানান, শিশুদের নিরাপত্তায় রাস্তার নকশায় পরিবর্তন আনার পাশাপাশি ‘স্যামিস ল’ বাস্তবায়নের অঙ্গীকারের অংশ হিসেবে স্কুল স্লো জোন সম্প্রসারণ করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে স্কুলের আশপাশে গাড়ির গতি কমানো এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ চলাচলের পরিবেশ তৈরি করা হচ্ছে।
স্পিড লিমিট কমানোর পাশাপাশি ট্রাইবেকার ক্লার্কসন স্ট্রিটে একটি স্কুলের বাইরে সিটির প্রথম ‘ওপেন স্ট্রিটস’ গেট বসানো হবে। এই গেট ব্যবহার করে রাস্তায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা যাবে। তখন শিক্ষার্থীরা জায়গাটি খেলাধুলা এবং খোলা পরিবেশে শেখার কাজে ব্যবহার করতে পারবে।
ক্লার্কসন স্ট্রিটের নকশা পরিবর্তনের অংশ হিসেবে গেটটি বসানো হচ্ছে। এই প্রকল্পে পথচারীদের জন্য জায়গা বাড়ানো এবং জনসাধারণের বসার অতিরিক্ত ব্যবস্থাও রাখা হচ্ছে। এর ফলে স্কুলের সামনের রাস্তাটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের জন্য আরও সহজে ব্যবহারযোগ্য হবে।
ম্যানহাটন বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান সিগাল বলেন, দীর্ঘদিন ধরে অভিভাবকদের এমন সব মোড় দিয়ে সন্তানদের দ্রুত পার হতে হয়েছে, যেগুলোর নকশায় নিরাপত্তার চেয়ে গাড়ির গতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। এই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন।
স্কুল জোনে ঘণ্টায় ১৫ মাইল স্পিড লিমিট সম্প্রসারণ এবং ক্লার্কসন স্ট্রিটে গেট বসানোর উদ্যোগকে স্বাগত জানান তিনি। পাশাপাশি ২০২৬ সালে ৩০০টিরও বেশি স্কুলের সামনে রাস্তার নকশা পরিবর্তনের কাজ এগিয়ে নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
সিটির ‘ওপেন স্ট্রিটস’ কর্মসূচিতে অংশ নেওয়া স্কুলগুলোর সামনের রাস্তা নির্ধারিত সময়ে যানবাহনের জন্য বন্ধ রেখে শিক্ষার্থীদের ব্যবহারের সুযোগ দেওয়া হয়। এতে স্কুলে প্রবেশ ও ছুটির সময় চলাচলের পাশাপাশি বিরতিতে খেলাধুলা এবং শ্রেণিকক্ষের বাইরে শেখার জন্য জায়গা পাওয়া যায়।