বিজ্ঞাপন
লেবার ডে-তে যুক্তরাষ্ট্রে গ্যাসের দামে রেকর্ড, ডিজেলেও আগুন
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম
বিজ্ঞাপন
লেবার ডে’র ছুটিতে যুক্তরাষ্ট্রের গাড়িচালকদের জন্য জ্বালানির খরচ বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। এবারের লেবার ডে’র আগে নিয়মিত পেট্রলের গড় দাম প্রতি গ্যালনে ৪ দশমিক ১৪ ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই দাম প্রায় ১ ডলার বেশি। একই সঙ্গে ডিজেলের দামও রেকর্ড উচ্চতায় উঠেছে।
এএএ মোটর ক্লাবের তথ্য অনুযায়ী, লেবার ডে’র সময় পেট্রলের আগের সর্বোচ্চ গড় দাম ছিল ২০১২ সালে—প্রতি গ্যালনে ৩ দশমিক ৮২ ডলার। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।
বিশ্বজুড়ে চলমান সংঘাত জ্বালানির বাজারে এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহনও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ইরান এখনো জলপথটি পুরোপুরি খুলে দেয়নি।
এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ডিজেলের সরবরাহেও চাপ তৈরি হয়েছে। চীনের তেল শোধনাগারগুলোতেও উৎপাদন কমেছে বলে জানিয়েছেন নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ম্যাথিউ মেটজগার।
তবে পেট্রলের দাম বাড়লেও তা এখনো ২০২২ সালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি। ওই বছরের জুনে যুক্তরাষ্ট্রে নিয়মিত পেট্রলের গড় দাম প্রতি গ্যালনে ৫ দশমিক ০২ ডলারে উঠেছিল।
অন্যদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম প্রতি গ্যালনে ৫ দশমিক ৮৫ ডলারে পৌঁছেছে, যা নতুন রেকর্ড। ট্রাক ও পণ্য পরিবহনে ডিজেলের ব্যবহার বেশি হওয়ায় এর বাড়তি খরচ শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ওপরও পড়ছে। পরিবহন ব্যয় বাড়ার কারণে মুদি পণ্য থেকে শুরু করে বিভিন্ন পণ্য সরবরাহের খরচ বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছেন, জ্বালানির দাম বর্তমানে বেশি হলেও তা কমাতে সরকার কাজ করছে। তবে দাম কমাতে প্রশাসন কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।