বিজ্ঞাপন
বাংলাদেশিদের জন্য ইতালির ভিসা বন্ধের শঙ্কা
বাঁধন ইস্যুতে আমিনের পোস্ট
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম
বিজ্ঞাপন
ইতালির ভেনিসে ৮৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর প্রবাসীদের একাংশের হামলা ও লাঞ্ছনার ঘটনার পর বাংলাদেশি অভিবাসীদের জন্য ভিসা বন্ধ হওয়ার তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত ব্যক্তিত্ব বনি আমিন।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ইতালির মেস্ত্রেতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে অভিনেত্রী বাঁধনের ওপর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক সহিংসতার পর প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ সতর্কাবার্তা দেন বনি আমিন।
ফেসবুক পোস্টে তিনি বাংলাদেশিদের জন্য নতুন ভিসা বন্ধের শঙ্কা প্রকাশ করে সবাইকে রাজনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি ইতালির রোমে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে সশরীরে আক্রমণের শিকার হয়েছিলেন বনি আমিন নিজেও। সে ঘটনার ক্ষত না শুকাতেই এবার ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের শারীরিক লাঞ্ছনার পর পরিস্থিতির মারাত্মক অবক্ষয় নিয়ে সরব হলেন তিনি।
বনি আমিন লেখেন, অচিরেই ইতালির দরজা বন্ধ হতে যাচ্ছে জন্মদেশীদের জন্য। ইতালি সরকার ড. ইউনুসকে বিশ্বের বড় বড় দেশের প্রেসিডেন্টদের চেয়েও বেশি মূল্যায়ন করে। কয়েকদিন আগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন তাকে সোশ্যাল মিডিয়ায় এসে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে।
তিনি আরও লেখেন, এই সম্পূর্ণ রিপোর্টটি অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশের রাষ্ট্রীয় সংস্থা থেকে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইতালি সকল প্রবাসীদের বলব, এখনো খুব দেরি হয়নি। আপনারা এই নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
বনি আমিনের দাবি মতে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে উচ্চ সমাদৃত হওয়ায় তার প্রতি ইতালি সরকারের বিশেষ সম্মান ও মূল্যায়ন রয়েছে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে দেওয়া হত্যার হুমকি ও ইতালিজুড়ে ঘটে চলা সহিংস পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন।
অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা ও সামাজিক সংস্থার পক্ষ থেকে নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ড সংক্রান্ত রিপোর্ট ইতালির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর ফলে ইতালি সরকার সাধারণ বাংলাদেশিদের ভিসা ও রেসিডেন্স পারমিট সংক্রান্ত নীতিমালায় কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হওয়া এবং এর আগে রোমে বনি আমিন নিজে আক্রান্ত হওয়ার পর প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি চরম সংকটে পড়েছে। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বনি আমিন আহ্বান জানান- ভবিষ্যতে ভিসা ও শ্রমবাজারের সুরক্ষার স্বার্থেই রাজনৈতিক বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে এখনই সবাইকে রুখে দাঁড়াতে হবে।
ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলা এবং পরবর্তীতে বনি আমিনের এই স্ট্যাটাস ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রবাসীদের বড় একটি অংশ আশঙ্কা করছেন, গুটিকয়েক ব্যক্তির অপরাধমূলক আচরণের খেসারত দিতে হতে পারে ইতালিতে স্থায়ী ও নতুন আসতে ইচ্ছুক সাধারণ বাংলাদেশিদের।