বিজ্ঞাপন
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত ৮
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
বিজ্ঞাপন
ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত আটজনকে শনাক্ত করার দাবি করেছেন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট জুলকারনাইন সায়ের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি হামলায় অভিযুক্ত আট ব্যক্তির নাম ও তাঁদের ফেসবুক প্রোফাইল শেয়ার করেছেন।
এর আগে বাঁধন নিজেই অভিযোগ করেছিলেন, একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে একদল ব্যক্তি তাঁকে শারীরিকভাবে হেনস্তা ও আঘাত করেন।
জুলকারনাইন সায়ের তাঁর ফেসবুক পোস্টে বলেন, ‘ইতালির ভেনিস শহরের মেস্ত্রে এলাকায় গতকাল রাতে অভিনেত্রী ও জুলাই ২০২৪ আন্দোলনে মাঠে থেকে স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা অভিনেত্রী Azmeri Haque বাঁধন এর ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় সরাসরি জড়িত আটজনকে চিহ্নিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাঁধনের ওপর হামলার সময়ে এদের প্রত্যেকেই তাঁকে শারীরিকভাবে আঘাত করেছে, গায়ে হাত তুলেছে, বোতল থেকে তরল পদার্থ ছুঁড়ে মেরেছে, মোবাইল ফোন কেড়ে নিয়ে তাঁকে অসৎ উদ্দেশ্যে তাকে হয়রানী করেছে, এমনকি সাথে থাকা তাঁর স্বজন এবং ৪ বছর বয়সী একটি শিশুকেও মারতে উদ্যত হয়েছিলো।’
জুলকারনাইন সায়েরের দাবি, ‘এই হামলাকারীদের কয়েকজনকে এই ঘটনার দুইদিন আগে পতিত স্বৈরশাসক হাসিনার পুত্র জয়ের সাথে ছবি তুলতে লক্ষ্য করা যায়। বাঁধনকে ওপর হামলায় সজীব ওয়াজেদ জয়ের ইন্ধন রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে এবং দেশটির বাংলাদেশ দূতাবাস বাঁধন'কে সকল সহায়তা প্রদান করবে বলে সরকারের তরফ হতে নিশ্চিত করা হয়েছে। এই হামলাকারীদের জবাবদিহিতার আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন, এমনটাই কাম্য।’
জুলকারনাইন সায়েরের পোস্টে হামলায় অভিযুক্ত হিসেবে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন—হাওলাদার মনিরুল, মাসুম খালাসি, সেপল মাহমুদ বিপ্লব, কাজী লাবু, আলতাব পাহার, প্রেম কুমার হৃদয়, নুর-ই আলম ও মোক্তার মোল্লা। তাঁদের ফেসবুক প্রোফাইলও পোস্টে শেয়ার করা হয়েছে।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে হামলার অভিযোগ করেন আজমেরী হক বাঁধন। তিনি জানান, ভাইয়ের পরিবারের সঙ্গে মেস্ত্রের একটি পার্কে গেলে একদল বাঙালি তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেন। তাঁর অভিযোগ, এ সময় তাঁর শরীরে পানি ও কোক ছুড়ে মারা হয় এবং তাঁকে শারীরিকভাবে আঘাত করা হয়।
ফেসবুক লাইভে বাঁধন বলেন, ‘এখানে আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ‘ফিজিক্যালি হ্যারাস’ করেছে। আমার শরীরে পানি, কোক ছুঁড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।’
তিনি আরও বলেন, ‘তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে। তারা বলেছে- আমি জুলাই যোদ্ধা, ইয়েস আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’
বাঁধন অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের একটি অংশের সঙ্গে এই হামলার যোগসূত্র রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতেও একদল ব্যক্তিকে তাঁকে লক্ষ্য করে স্লোগান দিতে ও হেনস্তার চেষ্টা করতে দেখা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
ভিডিওতে আজমেরী হক বাঁধন আরও বলেন, ‘আমি বলবো- আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বেরিয়ে আসা উচিৎ ছিল, আপনারা তা করতে পারেননাই।’ আপনারা ভেবেছেন, এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।
ঘটনার পর প্রতিকার চেয়ে ভেনিসের স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছেন বাঁধন বলে জানা গেছে। হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে উৎসবে অংশ নিয়েছেন তিনি। সিনেমাটি এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজন্তি প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছে।