বিজ্ঞাপন
ব্রিটেনে বাংলাদেশি নির্মাণ পেশাজীবীদের নতুন সংগঠন বিবিসিএ
২০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা, ২৯ নভেম্বর বিল্ড ফেস্টিভাল আয়োজনের প্রস্তুতি
লন্ডন প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ এএম
বিজ্ঞাপন
ব্রিটেনে বাংলাদেশি বিল্ডার্স, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, ডিজাইনার ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সমন্বয়ে গঠিত হয়েছে ব্রিটিশ বাংলাদেশী কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন (BBCA)। শনিবার পূর্ব লন্ডনের গ্যান্টস হিলে ক্রিয়েটিভ ডিজাইন কনট্রাকশন (CDC)-এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
দিনের শুরুতে ব্রিটেনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্কিত পেশাজীবীরা সামার ফ্রুট ফেস্টিভালে অংশ নেন। পরে তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ব্রিটেনে বাংলাদেশি কনস্ট্রাকশন পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আয়োজিত আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে CDC-এর পরিচালক ইঞ্জিনিয়ার সাদিকুল আলমকে আহ্বায়ক করে ২০ সদস্যের কার্যকরী পরিষদের নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে আগামী ২৯ নভেম্বর ২০২৬ লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিতব্য বিল্ড ফেস্টিভাল ২০২৬ সফল করতে পৃথক ফেস্টিভাল উদযাপন কমিটি গঠন করা হয়।
ফেস্টিভাল উদযাপন কমিটিতে সালেহ বিল্ডার্সের স্বত্বাধিকারী সালেহ আহমেদকে সভাপতি এবং ল্যান্ড ভিউ কনস্ট্রাকশনের পরিচালক সুমন আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির পেশাজীবীরা তাদের পেশাগত বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসায়িক ও পেশাগত সুযোগ সম্প্রসারণের জন্য একটি কার্যকর সংগঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা বলেন, সামনের দিনগুলোতে ব্রিটিশ বাংলাদেশী কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশনকে একটি শক্তিশালী ও কার্যকর ইন্ডাস্ট্রি প্ল্যাটফর্মে রূপ দিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।
বিবিসিএ’র পাবলিক রিলেশন্স অফিসার চৌধুরী মোহাম্মদ নাঈমুল ইসলামের পরিচালনায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিল্ড ফেস্টিভাল সফল করার লক্ষ্যে গঠনমূলক আলোচনায় অংশ নেন সালেহ বিল্ডার্সের পরিচালক সালেহ আহমেদ, ল্যান্ড ভিউ বিল্ডার্স লিমিটেডের ডিরেক্টর সুমন আহমেদ, সিডিসি’র পরিচালক সাদিকুল আলম, সেলকো বিল্ডার্স ওয়্যারহাউজের স্টোর ম্যানেজার শামীম উদ্দীন, পেডলি ইলেকট্রিকসের পরিচালক আজহার মোহাম্মদ, স্পার্ক ইলেকট্রিক লিমিটেডের পরিচালক আনোয়ারুল ইসলাম এবং ইনটেরিয়র স্টুডিও লিমিটেডের ম্যানেজার তারেক হাসানসহ ব্যবসায়ী ও কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা।
আয়োজকরা জানিয়েছেন, ইতিমধ্যে বিল্ড ফেস্টিভালে অংশ নিতে প্রায় ৫ শতাধিক ব্যবসায়ী প্রতিনিধি আগ্রহ প্রকাশ করেছেন। আগামী নভেম্বরের বিল্ড ফেস্টিভালে মোট ৩০টি স্টলে ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন ব্যবসায়ের বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ থাকবে। বিবিসিএ’র সদস্যরা এসব স্টলের জন্য বুকিং দিতে পারবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিল্ড ফেস্টিভালে বাণিজ্যিক স্টল, সেমিনার, ইন্ডাস্ট্রি প্রফেশনালদের সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। সংগঠনের উদ্যোক্তারা আশা করছেন, এই আয়োজন ব্রিটেনে বাংলাদেশি কনস্ট্রাকশন ও বিল্ডিং ইন্ডাস্ট্রির পেশাজীবী ও ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।