বিজ্ঞাপন
চট্টগ্রামের মেজবানের স্বাদে মাতবে ভার্জিনিয়া
নকিব খান-প্রতীক হাসানের গানে জমবে প্রবাসীদের মিলনমেলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:১৭ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাসরত প্রবাসীদের জন্য এক আনন্দঘন মিলনমেলার প্রস্তুতি চলছে। আগামী ২৩ আগস্ট আলেকজান্দ্রিয়ার ফোর্ট হান্ট পার্কের শেল্টার ওয়ানে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আমেরিকাপ্রবাসী বাংলাদেশি প্রযুক্তি পেশাজীবীদের সংগঠন ‘বাংলাদেশি আমেরিকান আইটি পিপলস অর্গানাইজেশন’ বা বাইটপো-এর উদ্যোগে আয়োজিত এই উৎসব ঘিরে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা জানিয়েছেন, এবারের আয়োজনটি বিগত বছরগুলোর তুলনায় পরিসরে আরও বড় ও জাঁকজমকপূর্ণ হবে।
চট্টগ্রামের সুস্বাদু মেজবানের পাশাপাশি এই আয়োজনের অন্যতম বড় আকর্ষণ হলো জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে প্রবাসীদের গানে গানে মাতাতে মঞ্চে উঠবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী নকিব খান এবং প্রতীক হাসানসহ আরও বেশ কয়েকজন গুণী শিল্পী।
সুস্বাদু খাবার আর আড্ডার পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় র্যাফেল ড্র-এর ব্যবস্থা। এতে ভাগ্যবান বিজয়ীদের জন্য হিরের আংটি, ল্যাপটপ ও টেলিভিশনসহ নানা মূল্যবান পুরস্কার জেতার সুযোগ রাখা হয়েছে।
আয়োজক কমিটির অন্যতম সদস্য স্যাম রিয়া জানান, প্রবাসীদের এক ছাদের নিচে এনে আনন্দময় সময় উপহার দেওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি সবাইকে পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানান। আয়োজকদের মতে, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও চট্টগ্রামের দীর্ঘদিনের সামাজিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করতে এই মেজবান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উত্তর ভার্জিনিয়ায় বসবাসরত বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।