Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাইয়ে দিতে ভুয়া বিয়ের রমরমা ব্যবসা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:১৩ এএম

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাইয়ে দিতে ভুয়া বিয়ের রমরমা ব্যবসা

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বুধবার ১১ জন ব্যক্তির বিরুদ্ধে একটি বিশাল 'ভুয়া বিয়ে' বা প্রতারণামূলক বিবাহ চক্র চালানোর অভিযোগ গঠন করেছে। গ্রিন কার্ড বা স্থায়ী নাগরিকত্ব পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চীনা নাগরিকদের সঙ্গে মার্কিন নাগরিকদের এক হাজারেরও বেশি ভুয়া বিয়ের আয়োজন করেছে এই চক্রটি।

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট থেকে প্রাপ্ত ২১ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, এই প্রতারণা চক্রটি ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত পরিচালিত হয়ে আসছিল। অ্যামি চেং, জিয়াও মেই চ্যান এবং গ্যাং ঝেং নামের অভিযুক্তরা মূলত এই চক্রের নেতৃত্ব দিতেন।

অভিযোগ গঠনের সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এটিকে "যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিবাহ জালিয়াতির অন্যতম বড় মামলা" হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, এটি কোনো ক্ষণস্থায়ী বা রাতারাতি গড়ে ওঠা চক্র ছিল না, বরং যারা বৈধভাবে মার্কিন নাগরিক হতে পারতেন না, তাদের বেআইনিভাবে সাহায্য করার জন্য এটি ছিল বহু বছরের এবং কয়েক মিলিয়ন ডলারের একটি লাভজনক ব্যবসা।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা বিদেশি নাগরিকদের, বিশেষ করে চীনের নাগরিকদের কাছে এই প্রতারণামূলক ইমিগ্রেশন সেবার প্রচার চালাতে মুখে মুখে, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের আশ্রয় নিত।

বৈধ স্থায়ী বাসিন্দার মর্যাদা বা গ্রিন কার্ড পাওয়ার উদ্দেশ্যে একটি ভুয়া বিয়ের আয়োজনে সহায়তার জন্য বিদেশি নাগরিকদের কাছ থেকে মাথাপিছু প্রায় এক লাখ ডলার পর্যন্ত হাতিয়ে নিত চক্রটি। অন্যদিকে, এই কাজের মধ্যস্থতাকারীরা প্রায় পাঁচ হাজার ডলার করে কমিশন পেতেন।

মার্কিন ইমিগ্রেশন কর্মকর্তাদের ধোঁকা দিতে ভুয়া বিয়ের অনুষ্ঠানের নানা ছবি জমা দেওয়া হতো বলে জানিয়েছেন প্রসিকিউটররা। এসব ক্ষেত্রে অনেক সময় স্থানীয় রেস্তোরাঁয় বিয়ের আয়োজন করা হতো, যেখানে বর-কনে ঐতিহ্যবাহী চীনা বিয়ের পোশাক পরতেন। এমনকি অনুষ্ঠানটিকে আসল প্রমাণ করতে এবং লোকদেখানোর জন্য বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনদেরও আমন্ত্রণ জানানো হতো।

নিউইয়র্ককে কেন্দ্র করে এই চক্র পরিচালিত হলেও, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, পেনসিলভানিয়া, কেনটাকি, টেনেসি, জর্জিয়া, ফ্লোরিডা, ভানুয়াতু এবং চীন জুড়ে এই ভুয়া বিয়ের জাল বিছিয়েছিল অভিযুক্তরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার