Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

স্বজনের খোঁজ নেই, মালয়েশিয়ার মর্গে পড়ে আছে এক বাংলাদেশির মরদেহ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম

স্বজনের খোঁজ নেই, মালয়েশিয়ার মর্গে পড়ে আছে এক বাংলাদেশির মরদেহ

বিজ্ঞাপন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হাসপাতালের মর্গে গত ১৫ দিন ধরে পড়ে আছে দীন মোহাম্মদ নামের এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মরদেহ। স্ট্রোক করে মারা গেলেও পরিবারের সন্ধান না মেলায় মরদেহ হিমঘর থেকে ছাড় করা সম্ভব হচ্ছে না।

পাসপোর্টে থাকা স্থায়ী ঠিকানায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে খোঁজ করেও তার কোনো স্বজনের হদিস মেলেনি। এমনকি পাসপোর্টের জরুরি যোগাযোগের নম্বর ও ব্যক্তিগত তথ্য নিয়েও জটিলতা রয়েছে। সহকর্মীদের তথ্যমতে, দীন মোহাম্মদ প্রায় ২০ বছর ধরে মালয়েশিয়ায় ছিলেন এবং মৃত্যুর ১৯ দিন আগে নতুন একটি প্রতিষ্ঠানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেছিলেন।

মরদেহ দেশে পাঠানোর জন্য তার কর্মক্ষেত্রের বাংলাদেশি মালিক ও সুপারভাইজার হন্যে হয়ে স্বজনদের খোঁজার চেষ্টা করছেন কুয়ালালামপুর কিংবা বাংলাদেশের কোথাও কোনো স্বজনকে খুঁজে বের করা যায় কি না, যিনি অন্তত মরদেহটি গ্রহণ করবেন। তবে স্বজন না পাওয়ায় এবং প্রতিদিন মর্গের ফি (৭৫ রিঙ্গিত) গুনতে হওয়ায় বিপাকে পড়েছেন তারা।

মালয়েশিয়ার আইন অনুযায়ী চাইলেই তাৎক্ষণিকভাবে কাউকে বেওয়ারিশ হিসেবে দাফন করা যায় না, কারণ পরবর্তীতে পরিবারের কেউ এলে আইনি জবাবদিহির প্রশ্ন থাকে। তবে শেষ পর্যন্ত যদি কোনো স্বজনের খোঁজ না মেলে, তবে মালয়েশিয়ার আইনি বিধান অনুযায়ী শেষ পর্যন্ত হয়তো পরবাসীর মাটিতেই বেওয়ারিশ হিসেবে চিরনিদ্রায় শায়িত হতে হবে দীন মোহাম্মদকে।

বিষয়টি জানার পর কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন এবং ঢাকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নড়েচড়ে বসেছে। হাইকমিশনের লেবার উইং এবং লিগ্যাল অ্যাসিস্ট্যান্টরা তাঁর পরিচিতজন ও পুরনো কর্মক্ষেত্রগুলোতে খোঁজ নিয়ে স্থায়ী ঠিকানা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারের সন্ধান মিললে মরদেহ ঢাকায় পাঠাতে সব ধরনের সহযোগিতা করা হবে।

কে এই দীন মোহাম্মদ

পাসপোর্টের তথ্য অনুযায়ী, দীন মোহাম্মদের বাবার নাম আব্দুল হক ও মায়ের নাম সুক্কুরের নেসা। স্থায়ী ঠিকানার জায়গায় লেখা আছে- রাজা বাড়ি, কুমিল্লা সদর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। তার জন্ম তারিখ ১৯৭৫ সালের ২রা মার্চ। আর জরুরি যোগাযোগের জন্য পিতা আব্দুল হকের নামের সাথেও একই স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে।

কিন্তু ওই এলাকার চেয়ারম্যান ফরিদ উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, "প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে ব্যাপক খোঁজ করেছি। আমি আমার এলাকার কমবেশি সবাইকে চিনি। আমার গ্রামের একটা পাড়ার নাম রাজাবাড়ি। কিন্তু দীন মোহাম্মদ, পিতা- আব্দুল হক এই নামে কাউকে পাইনি। এমনকি আব্দুল হক নামে কোনো পিতার সন্তান দীন মোহাম্মদ এমন কাউকেও পাইনি"।

দীন মোহাম্মদের পাসপোর্টে টেলিফোন নাম্বারের জায়গায় শুধু লেখা আছে: ০০৮৮। পাসপোর্টটি সর্বশেষ নবায়ন হয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন থেকে, ২০২৩ সালের ২৭শে সেপ্টেম্বর। এর আগেও তার কাছে যে পাসপোর্ট ছিল, তার নম্বরও উল্লেখ আছে বর্তমান পাসপোর্টে।

প্রবাসী বাংলাদেশিদের কয়েকজন জানিয়েছেন, ২০১১ সালের দিকে মালয়েশিয়ায় থাকা অবৈধ বাংলাদেশিদের কাগজপত্র বৈধ করার একটি সুযোগ দেওয়া হয়েছিল। তখন বহু বাংলাদেশি শ্রমিক হাই কমিশনে আবেদন করে পাসপোর্ট নিয়ে বৈধ হয়েছিলেন।

ওই সময়েই প্রথম পাসপোর্ট নিয়েছিলেন দীন মোহাম্মদ, এমন তথ্যও দিয়েছেন কেউ কেউ। তবে এটি অন্য কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়ায় যায়নি। তবে তিনি যেই প্রতিষ্ঠানে কাজ করতেন তারা বলছেন, দীন মোহাম্মদ গত প্রায় ২০ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার