Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

সিডনির লাকেম্বায় সড়ক দুর্ঘটনা: বাংলাদেশি পথচারী লাইফ সাপোর্টে

Icon

অস্ট্রেলিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম

সিডনির লাকেম্বায় সড়ক দুর্ঘটনা: বাংলাদেশি পথচারী লাইফ সাপোর্টে

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাকেম্বায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী গুরুতর আহত হয়ে লাইফ সাপোর্টে রয়েছেন। তাদের মধ্যে একজন প্রবাসী বাংলাদেশি মাহবুবুল হক।

তিনি বর্তমানে সেন্ট জর্জ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে লাকেম্বার দ্য বুলেভার্ডের একটি পথচারী পারাপার (Pedestrian Crossing) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে জরুরিসেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন পথচারী রাস্তা পার হওয়ার সময় একটি সাদা রঙের পিপল মুভার দ্রুতগতিতে তাদের দিকে ছুটে আসে। এতে দুই পথচারী গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার বিপরীত পাশে থাকা আরও দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ৩০ বছর বয়সী এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় লিভারপুল হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন এবং তার অবস্থাও সংকটাপন্ন।

অন্যদিকে, ৬০ বছর বয়সী মাহবুবুল হককে গুরুতর আহত অবস্থায় সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। তিনি দীর্ঘদিন ধরে লাকেম্বার বাসিন্দা এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ।

দুর্ঘটনায় জড়িত গাড়িটির ৮২ বছর বয়সী চালককে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা এবং বাধ্যতামূলক মাদক ও অ্যালকোহল পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় নিউ সাউথ ওয়েলস পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য আলামত পর্যালোচনা করা হচ্ছে।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে মাহবুবুল হকের দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার