Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

আনসারের তৎপরতায় শাহজালালে হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:২১ পিএম

আনসারের তৎপরতায় শাহজালালে হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী

বিজ্ঞাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বশীলতা ও সতর্কতায় হারিয়ে যাওয়া একটি মূল্যবান ব্যাগ ফিরে পেয়েছেন এক প্রবাসী যাত্রী।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় একটি ট্রলিতে পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি পান কর্তব্যরত আনসার সদস্যরা। পরে প্রকৃত মালিককে খুঁজে বের করে ব্যাগটি বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক মো. আশিকুজ্জামান জানান, ভোরে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় ট্রলিতে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ দেখতে পান কর্তব্যরত আনসার সদস্য এপিসি মো. জগলুল পাশা। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে ক্যানোপি ইনচার্জ পিসি মো. আলতাফ হোসেন এবং শিফট ইনচার্জ পিসি মো. মোজাম্মেল হোসেনকে অবহিত করেন।

এরপর ব্যাগটির প্রকৃত মালিককে খুঁজে বের করতে ক্যানোপি-২সহ আশপাশের এলাকায় দীর্ঘ সময় মাইকিং করেন আনসার সদস্যরা। একপর্যায়ে নারায়ণগঞ্জের বাসা থেকে পুনরায় বিমানবন্দরে ফিরে আসেন ব্যাগের মালিক প্রবাসী মো. মাসুদুজ্জামান তালুকদার।

আশিকুজ্জামান বলেন, পরে তার পরিচয় নিশ্চিত করতে ব্যাগে থাকা মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যাংক কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী যাচাই করা হয়। সব তথ্য মিলিয়ে নিশ্চিত হওয়ার পর ব্যাগটি যথাযথভাবে তার হাতে হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া মূল্যবান ব্যাগ ফিরে পেয়ে প্রবাসী যাত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার