বিজ্ঞাপন
টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা ও নৈশভোজ
লন্ডন প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০১:১০ এএম
বিজ্ঞাপন
যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের অন্যতম সংগঠন ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ইউকেবিসিসিআই)-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত নির্বাহী মেয়র লুৎফুর রহমানের সম্মানে সংবর্ধনা, মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের ক্যানারি ওয়ার্ফের একটি অভিজাত ভেন্যুতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের চতুর্থবারের নির্বাচিত নির্বাহী মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, ব্যবসায়ী, কমিউনিটি নেতা ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে ইউকেবিসিসিআইর চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া এমবিই এবং সংগঠনের পরিচালকেরা ফুল দিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের পরিচালক ইমাম উদ্দিন আহমেদ।
স্বাগত বক্তব্যে ইউকেবিসিসিআইর প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া এমবিই সংগঠনের অগ্রযাত্রা, প্রবাসী উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং শক্তিশালী ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ব্যবসায়ী সমাজের উন্নয়ন এবং কমিউনিটির কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই বলেন, ইউকেবিসিসিআই কেবল একটি ব্যবসায়িক সংগঠন নয়, বরং যুক্তরাজ্যে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম। নতুন প্রজন্মের উদ্যোক্তা তৈরি এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে সংগঠনটি কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সংবর্ধনার জবাবে লুৎফুর রহমান পুনর্নির্বাচিত হওয়ার পর তাঁকে সম্মানিত করায় ইউকেবিসিসিআইর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা যুক্তরাজ্যের অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে আস্থা, সহযোগিতা ও ব্যবসায়িক যোগাযোগ গড়ে তুলতে ইউকেবিসিসিআইর মতো সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও কমিউনিটির কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণে প্রবাসী উদ্যোক্তাদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ মোহাম্মদ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরে বলেন, বর্তমানে দেশে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ রয়েছে। তিনি প্রবাসী ব্যবসায়ীদের দেশের উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনটিভি ইউরোপের প্রধান নির্বাহী সাবরিনা হোসাইন, চ্যানেল এস টেলিভিশনের প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি তাইসির মাহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ফাইন্যান্স বিষয়ক ক্যাবিনেট সদস্য আবু তালহা চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়রের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মোহাম্মদ জুবায়ের এবং বিজনেস অ্যান্ড স্কিলস বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর সোনালি মিয়া।
সবশেষে সংগঠনের সিনিয়র সহসভাপতি এ কিউ খালিক (জামাল) ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, বক্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় ইউকেবিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরু, লন্ডন রিজিওনাল প্রেসিডেন্ট কমরু আলী, মিডল্যান্ডস রিজিওনাল প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমেদ, ইস্ট অব ইংল্যান্ড রিজিওনাল প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল, ফাইন্যান্স ডিরেক্টর ড. জস ইউ আহমেদ, লিগ্যাল অ্যাফেয়ার্স ডিরেক্টর ব্যারিস্টার আনোয়ার মিয়া, পরিচালক অলি খান এমবিই, হারুন মিয়া, ফারজানা হোসাইন নীলা, আব্দুল লতিফ কাউসারসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে নৈশভোজের পাশাপাশি কেক কাটার আয়োজন করা হয়। এতে উপস্থিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।