বিজ্ঞাপন
লন্ডনে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
আজিজুল আম্বিয়া, লন্ডন
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৪৬ পিএম
বিজ্ঞাপন
লন্ডনে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস (SBBS)-এর একটি প্রতিনিধিদল। সোমবার (২০ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল গাফ্ফার।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায়।
বৈঠকে SBBS-এর পক্ষ থেকে যুক্তরাজ্যে কর্মরত সলিসিটরদের জন্য বাংলাদেশে সহজতর প্রক্রিয়ায় অ্যাডভোকেট হিসেবে রাইট অব অডিয়েন্স অর্জনের সুযোগ সৃষ্টি এবং লন্ডনে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট পরীক্ষার একটি কেন্দ্র স্থাপনের প্রস্তাব উত্থাপন করা হয়।
অ্যাটর্নি জেনারেল মনোযোগ সহকারে প্রস্তাবগুলো শোনেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন সংশোধনসহ বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার উন্নয়নে ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবীদের আগ্রহ, অঙ্গীকার ও পেশাগত দক্ষতারও প্রশংসা করেন।
SBBS প্রতিনিধিদল মাননীয় অ্যাটর্নি জেনারেলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশের আইন ও বিচারখাতের আরও উন্নয়ন এবং আধুনিকায়নে কার্যকর অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করে। পাশাপাশি, তাঁর মেয়াদকালে SBBS এবং বাংলাদেশ বার কাউন্সিলের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগ আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।