বিজ্ঞাপন
সদস্য সংগ্রহে নতুন রেকর্ড, তহবিলে জমা ৩৩ হাজার ৪০০ পাউন্ড
গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে নির্বাচন
আজিজুল আম্বিয়া, লন্ডন থেকে
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৭ এএম
বিজ্ঞাপন
আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিতব্য গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের কার্যকরী কমিটির নির্বাচনকে সামনে রেখে ভোটার সদস্য নিবন্ধন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১০ জুলাই ছিল সদস্য নিবন্ধনের শেষ দিন। এদিন মাশুক-শুকুর-নুরুল প্যানেলের পক্ষ থেকে ১৪২ জন এবং নজরুল-মুহিব-মুকিত প্যানেলের পক্ষ থেকে ২৫ জন সদস্যের আবেদনপত্র জমা দেওয়া হয়।
সর্বমোট ১৬৭ জন সদস্যের আবেদন গৃহীত হয়েছে। এর মাধ্যমে সংগঠনের তহবিলে ৩৩ হাজার ৪০০ পাউন্ড জমা পড়েছে, যা সংগঠনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার আবুল মনসুর অহিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনার শামীম আহমেদ, ভারপ্রাপ্ত সভাপতি আফসারুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী মাসুক আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী ১৬ আগস্টের নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সর্বজনগ্রহণযোগ্য করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।