Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর

Icon

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:৩২ পিএম

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর

বিজ্ঞাপন

মালয়েশিয়া নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের পাশাপাশি দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে। মালয়েশিয়া ও চীন সফর শেষে গতকাল শনিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু এবং সেখানে থাকা অবৈধ কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়ে অত্যন্ত ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। এর পাশাপাশি রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানে বাংলাদেশকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি। এমনকি দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ অর্জনের যে প্রচেষ্টা চলছে, তাতেও মালয়েশিয়া পূর্ণ সমর্থন জোগাবে বলে আশ্বাস পাওয়া গেছে। দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে খলিলুর রহমান বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শেয়ার করা ‘মহাজাদু’ গানটিকে দুই দেশের এই নিবিড় ও ঘনিষ্ঠ সম্পর্কের একটি প্রতীকী রূপ হিসেবেও অভিহিত করেন তিনি।

অন্যদিকে চীন সফরের প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী জানান, তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করতে সম্মত হয়েছে বেইজিং। এই লক্ষ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ বা ফিজিবিলিটি স্টাডি দ্রুত এগিয়ে নিতে দুই দেশ একমত হয়েছে। সার্বিকভাবে এবারের উচ্চপর্যায়ের সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও অনেক বেশি গভীর ও বন্ধুত্বপূর্ণ পর্যায়ে উন্নীত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার