বিজ্ঞাপন
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে বইমেলার উদ্বোধন
আজিজুল আম্বিয়া, লন্ডন
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:৪১ পিএম
বিজ্ঞাপন
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান। শনিবার দুপুর ১টায় শুরু হওয়া এ আয়োজনে সাহিত্যপ্রেমী, লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠান।
বইমেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক রুপা চক্রবর্তী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনুবাদক আনিসুজ্জামান এবং কবি শামীম আজাদ।
অনুষ্ঠানের প্রথম পর্বে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের সভাপতি মোহাম্মদ ইকবাল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উদয় শংকার দুর্জয়-এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রুপা চক্রবর্তী প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে অনুবাদক আনিসুজ্জামান বাংলা সাহিত্যকে বিশ্বপরিসরে পৌঁছে দিতে অনুবাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। কবি শামীম আজাদ প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে সাহিত্যচর্চার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয় লেখক মাসুক ইবনে আনিস এবং গবেষক ফারুক আহমদ-কে। এছাড়া বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড লাভ করেন হেনা বেগম।
উদ্বোধনী পর্ব শেষে বইমেলা ঘুরে দেখেন অতিথিরা। দিনব্যাপী এ আয়োজনে বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক নানা পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।