বিজ্ঞাপন
পর্তুগালে প্রতি ৭ জনে ১ জন বিদেশি, বাড়ছে বাংলাদেশির সংখ্যা
পর্তুগাল প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:১৮ এএম
বিজ্ঞাপন
পর্তুগালে বিদেশি নাগরিকের সংখ্যা দ্রুত বাড়ছে। দেশটির অভিবাসন সংস্থা এআইএমএ-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি সাতজন বাসিন্দার মধ্যে একজন বিদেশি। বৈধভাবে বসবাসরত অভিবাসীদের এই বড় অংশের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন উল্লেখযোগ্য অবস্থানে। গত তিন বছরে দেশটিতে বাংলাদেশি অভিবাসীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
এআইএমএ-এর ২০২৬ সালের প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশটির মোট জনসংখ্যার প্রায় ১৪ শতাংশ এখন বিদেশি নাগরিক। ১ কোটি ৭ লাখ জনসংখ্যার দেশে বর্তমানে ১৫ লাখের বেশি অভিবাসী বৈধভাবে বসবাস করছেন।
২০২৩ সালে পর্তুগালে বিদেশি বাসিন্দার সংখ্যা ছিল প্রায় ১০ লাখ ৪৪ হাজার, যা মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। মাত্র তিন বছরে এ সংখ্যা প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। এর ফলে ইউরোপের অন্যতম অভিবাসীবান্ধব দেশে পরিণত হয়েছে পর্তুগাল।
আর অভিবাসীদের এই বৃদ্ধির গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশিরাও। ২০২৩ সালে দেশটিতে প্রায় ২৫ হাজার ৬৬৬ জন বাংলাদেশি বৈধ রেসিডেন্স নিয়ে বসবাস করলেও ২০২৬ সালে সেই সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। এআইএমএতে অপেক্ষমাণ আবেদনগুলোর নিষ্পত্তি হলে বাংলাদেশি বাসিন্দার সংখ্যা আরও বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, শ্রমবাজারে কর্মীর চাহিদা, বিভিন্ন ধরনের ভিসা সুবিধা এবং দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ পর্তুগালকে অভিবাসীদের কাছে আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে।
তবে আবেদনকারীদের দালালচক্র ও ভুয়া চাকরির প্রতিশ্রুতির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।