বিজ্ঞাপন
লন্ডনের আলতাব আলী পার্কে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ
আজিজুল আম্বিয়া, লন্ডন থেকে
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:০৭ এএম
বিজ্ঞাপন
বাংলাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সাংবাদিক হত্যা ও হয়রানি, মতপ্রকাশ এবং সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ, রাজনৈতিক সহিংসতা, হত্যা, ধর্ষণ এবং বিচারহীনতার প্রতিবাদে পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ জুন (সোমবার) যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ভিক্টিম সাপোর্ট ইন্টারন্যাশনাল ইউকে-এর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. আজিজুল আম্বিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কবি, ঔপন্যাসিক ও নাট্যকার ডেভিড লি মরগান। তিনি তার বক্তব্যে বলেন, মানবাধিকার, ন্যায়বিচার এবং মতপ্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। এসব অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য হিউম্যান রাইটসের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, সাবেক কাউন্সিলর পুস্পিতা গুপ্ত, মুক্তি টেলিভিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম অকিব, মানবাধিকার কর্মী তামিম আহমেদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকের সভাপতি আশিকুল ইসলাম আশিক, ইমদাদুন খান, সরণ আহমেদ, রেবেকা ইসলাম, তারেক রায়হান, হাফিজুর রহমান, পিকুল শেখ, আব্দুর রশীদ, আল জাবির, সুদীপ্ত শর্মা, মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী, নুসরাত জাহান পর্না, সামসুদ্দিন নোমান, এমডি মাসুম আহমদ এবং শরীফ আহমেদ।
বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা সাংবাদিকদের নিরাপত্তাহীনতা, রাজনৈতিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন এবং বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা করে অবিলম্বে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। তারা মানবাধিকার লঙ্ঘন বন্ধ, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং স্বাধীন গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে আয়োজকরা মানবাধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের আন্দোলন ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।