বিজ্ঞাপন
সৌদির ফ্লাইটে নতুন নিয়ম, সাথে রাখা যাবে না যেসব জিনিস
প্রবাস ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০১:২০ এএম
বিজ্ঞাপন
সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন দেশটির বিমানবন্দরগুলোতে পরিচালিত সকল এয়ারলাইন্সের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে এবং উড়োজাহাজের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে এই নতুন নিয়মকানুন প্রবর্তন করা হয়েছে। ২২ মে প্রকাশিত এই নির্দেশনার ফলে ফ্লাইটে পাওয়ার ব্যাংক এবং ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার ও বহনে বড় ধরনের পরিবর্তন এসেছে।
নতুন এই নিয়ম অনুযায়ী, উড়োজাহাজে ভ্রমণের সময় যাত্রী বা কেবিন ক্রুরা কোনোভাবেই পাওয়ার ব্যাংক রিচার্জ করতে পারবেন না। এছাড়া, পাওয়ার ব্যাংক শুধুমাত্র হ্যান্ড লাগেজ বা হাতের ব্যাগে করে বিমানের কেবিনে বহন করা যাবে; চেক-ইন ব্যাগেজ বা মূল লাগেজে এটি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, ফ্লাইটে ভ্রমণের সময় একজন যাত্রী তার সাথে সর্বোচ্চ দুটি পোর্টেবল চার্জার বা পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন বলে কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।
বাধ্যতামূলক এই নিয়মগুলোর পাশাপাশি কর্তৃপক্ষ যাত্রীদের জন্য কিছু বাড়তি সতর্কতাও প্রস্তাব করেছে। অতিরিক্ত সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিমান চলাকালীন সময়ে পাওয়ার ব্যাংক ব্যবহার করে মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস চার্জ করা থেকে বিরত থাকার জন্য যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। মূলত আকাশপথে যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের সর্বোচ্চ নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতেই সৌদি কর্তৃপক্ষ এই সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে।