Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

তফসিল ঘোষণার আগেই বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে তোড়জোড়

৩০ জুনের আগে সদস্য নিবন্ধন করলেই ভোটাধিকার

Icon

প্রবাস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৩:১৩ এএম

তফসিল ঘোষণার আগেই বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে তোড়জোড়

বিজ্ঞাপন

নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক-এর বহুল আলোচিত নির্বাচন আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই গঠিত হয়েছে নির্বাচন কমিশন। যদিও এখনো আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হয়নি, তবে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক তোড়জোড় ও হিসাব-নিকাশ।

বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ  আলীর নেতৃত্বাধীন কার্যকরী কমিটির কর্মকর্তারা আবারও ‘সেলিম-আলী প্যানেল’-এর ব্যানারে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। ফলে বর্তমান নেতৃত্ব ধরে রাখার লক্ষ্যে তাদের প্রস্তুতি ইতোমধ্যেই জোরালোভাবে শুরু হয়েছে।

অন্যদিকে, এখনো কোনো বিকল্প পূর্ণাঙ্গ প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক পরিচিত মুখের নাম আলোচনায় রয়েছে। সভাপতি পদে সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর মধ্যে রয়েছেন সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু এবং সাবেক সহ-সভাপতি ওয়াসি চৌধুরী। সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে সাবেক সহ-সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী এবং সন্দ্বীপ সোসাইটি-এর সভাপতি ফিরোজ আহমেদের নাম।

গত নির্বাচনে সেলিম-আলী প্যানেলের কাছে পরাজিত রুহুল-জাহিদ প্যানেল এবার নির্বাচনে অংশ নেবে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সংশ্লিষ্ট মহলে এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।

এদিকে নতুন করে আলোচনায় এসেছেন জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ। তিনি ইতোমধ্যেই বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। রাব্বী সৈয়দ সোসাইটিতে “পরিবর্তনের নেতৃত্ব” দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে নতুন প্রজন্ম ও সাধারণ সদস্যদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

নির্বাচন কমিশন গঠনের পর থেকেই শুরু হয়েছে সদস্য সংগ্রহ ও ভোটার নিবন্ধন কার্যক্রম। আগামী ৩০ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত ১৮ বছর বা তদূর্ধ্ব বাংলাদেশিরা নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে সদস্য হতে এবং ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন।

সদস্যপদ গ্রহণ ও ভোটার নিবন্ধনের জন্য দুই বছরের চাঁদা বাবদ ২০ ডলার পরিশোধ করতে হবে। আগ্রহীরা সরাসরি বাংলাদেশ সোসাইটি ভবন কিংবা নির্ধারিত অস্থায়ী বুথে গিয়ে এই কার্যক্রমে অংশ নিতে পারবেন।

বাংলাদেশ সোসাইটি ইনকের নেতারা প্রবাসী বাংলাদেশিদের এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, ব্যাপক অংশগ্রহণের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও শক্তিশালী নেতৃত্ব নির্বাচিত হবে, যা আগামী তিন বছর প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার