Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

হজের পর ওমরাহ ভিসা কবে চালু হবে?

Icon

প্রবাস ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:৫১ এএম

হজের পর ওমরাহ ভিসা কবে চালু হবে?

বিজ্ঞাপন

পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে ১৪৪৮ হিজরি সনের নতুন হজ ক্যালেন্ডার প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই ক্যালেন্ডারে ওমরাহ ভিসা পুনরায় চালুর দিনক্ষণসহ হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে। গতকাল শনিবার (১৬ মে) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে জানানো হয়েছে, আজ রোববার সন্ধ্যায় দেশটিতে পবিত্র জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে।

নতুন ক্যালেন্ডারের রূপরেখা অনুযায়ী, আগামী ৩১ মে থেকে পুনরায় ওমরাহ ভিসা ইস্যু করা হবে এবং ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ জুন থেকে ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশ এবং ওমরাহ পালনের অনুমতিপত্র বা পারমিট দেওয়ার প্রক্রিয়া পুনরায় শুরু হবে। এই ক্যালেন্ডারে আরও উল্লেখ করা হয়েছে, আসন্ন নতুন মৌসুমে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীদের ওমরাহ ভিসা দেওয়া হবে। ভিসা পাওয়া যাত্রীরা ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ওমরাহ ভিসায় যাওয়া সব যাত্রীকে আগামী বছরের ৭ এপ্রিলের মধ্যে অবশ্যই সৌদি আরব ত্যাগ করতে হবে।

এর আগে ওমরাহ কার্যক্রম সহজ ও আধুনিক করতে গত ১১ মে থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ সংস্থাগুলোর জন্য প্রাক-পরিষেবা চালু করা হয়। এর মাধ্যমে কোম্পানিগুলোর সঙ্গে চূড়ান্ত ইলেকট্রনিক চুক্তি সম্পন্ন হয়। এরপর ১২ মে থেকে ওমরাহ কোম্পানি ও সুবিধাভোগীদের মধ্যে প্রতিবন্ধী ও ঐতিহ্য–সম্পর্কিত সেবাসহ বিভিন্ন চুক্তিভিত্তিক কার্যক্রমের ইলেকট্রনিক পদ্ধতি চালু করা হয়েছে বলে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার