Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

Icon

প্রবাস ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:৪৩ এএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

বিজ্ঞাপন

সৌদি আরবে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। সৌদি আরবের স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুই প্রবাসী হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নুরে আলম (৪২) এবং চৌদ্দগ্রাম উপজেলার ইদ্রিস মিয়া (৪৩)।

পারিবারিক সূত্রে জানা যায়, নুরে আলম ও ইদ্রিস মিয়া সৌদি আরবের রিয়াদে যৌথভাবে ব্যবসা পরিচালনা করতেন। নিহত নুরে আলম নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের মৃত খলিলুর রহমান সওদাগরের ছেলে এবং ইদ্রিস মিয়া চৌদ্দগ্রাম উপজেলা সদরের স্থায়ী বাসিন্দা। ঘটনার দিন শুক্রবার জেদ্দা থেকে দোকানের জন্য নতুন মালামাল কিনে একটি গাড়িতে করে রিয়াদের উদ্দেশে রওনা হন তাঁরা। পথে আফিফ এলাকায় পৌঁছালে তাঁদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই দুই প্রবাসীর মৃত্যু হয়।

স্বামীর মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন নিহত নুরে আলমের স্ত্রী সুমি আক্তার। তিনি বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে তাঁরা এখন পুরোপুরি দিশাহারা। স্বামীর মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনতে তিনি সরকারের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান জানান, দুর্ঘটনার বিষয়টি তাঁরা মৌখিকভাবে শুনেছেন। তবে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো তাঁদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করা হয়নি। পরিবার আবেদন করলেই মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে সরকারি নিয়মানুযায়ী প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। অন্যদিকে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জেলার দুই প্রবাসীর মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে সরকারি প্রক্রিয়ায় তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার