বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আসন্ন নির্বাচনে মেয়র পদে লড়ছেন সিলেট বংশোদ্ভূত চারজন প্রার্থী। আগামী ৭ মে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা।
প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন- অ্যাসপায়ার পার্টির বর্তমান মেয়র লুৎফুর রহমান, লেবার পার্টির সিরাজুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস ইনডিপেনডেন্টসের জামি আলী ও লিবারেল ডেমোক্র্যাটস পার্টির মোহাম্মদ আবদুল হান্নান।
টাওয়ার হ্যামলেটস দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক প্রভাবের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এবারের দুটি পার্লামেন্টারি আসনে বর্তমানে রুশনারা আলী ও আপসানা বেগম নামের দুইজন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রয়েছেন।
এবারের নির্বাচনে লুৎফুর রহমানের সঙ্গে সিরাজুল ইসলামের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
বর্তমান মেয়র লুৎফুর রহমানের জন্ম সিলেটে এবং তিনি তিনবার এই কাউন্সিলের নির্বাহী মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। সলিসিটর হিসেবে কর্মজীবন শুরু করা লুৎফুর রহমান এবার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার শ্লোগান নিয়ে নির্বাচনি মাঠে রয়েছেন।
অন্যদিকে টানা সাতবারের নির্বাচিত কাউন্সিলর সিরাজুল ইসলামকে এবার মনোনীত করেছে লেবার পার্টি। তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন সিরাজুল ইসলাম নির্বাচিত হলে পাঁচ হাজার নতুন ঘর নির্মাণের বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুরে জন্ম নেওয়া ব্যারিস্টার জামি আলী টাওয়ার হ্যামলেটস ইনডিপেনডেন্টসের প্রার্থী হিসেবে লড়ছেন। তিনি কাউন্সিল প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রথম ১০০ দিনের মধ্যে ব্যয়ের স্বাধীন অডিট করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
লিবারেল ডেমোক্র্যাটস পার্টি থেকে প্রার্থী হওয়া মোহাম্মদ আবদুল হান্নানের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। পেশায় ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী হান্নান নিরাপদ ও পরিচ্ছন্ন টাওয়ার হ্যামলেটস গড়ার পাশাপাশি আবাসন সংকট ও সড়ক নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দিচ্ছেন।
এই চারজন ছাড়াও কনজারভেটিভ ও গ্রিন পার্টিসহ আরও বেশ কিছু দলের প্রার্থীরা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পর্যবেক্ষকদের মতে, এই কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকদের শক্তিশালী অবস্থানের কারণে নেতৃত্ব আবারও তাদের হাতেই থাকার সম্ভাবনা জোরালো। আগামী ৭ মে নির্বাচনের ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্ধারিত হবে কার হাতে যাচ্ছে লন্ডনের এই গুরুত্বপূর্ণ কাউন্সিলের আগামীর নেতৃত্ব।