বিজ্ঞাপন
নিবন্ধনবিহীন অনলাইন পোর্টাল বন্ধের নির্দেশনা প্রত্যাহার
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পিএম
বিজ্ঞাপন
সিলেটে রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশি ও বিদেশি ডোমেইন থেকে অপসারণের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে সিলেট মহানগর পুলিশ। অনিবন্ধিত অনলাইন পোর্টাল সরানোর নির্দেশ সংবলিত এসএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশের পর তীব্র সমালোচনা শুরু হয়। এর পর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পূর্বের গণবিজ্ঞপ্তি বাতিল করে আরেকটি গণবিজ্ঞপ্তি দেয় এসএমপি।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট মহানগর পুলিশ কমিশনার আবুদল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি পাঠানো হয়।
এতে বলা হয়, ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের জন্য নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে। লক্ষ করা যাচ্ছে, কিছু অনলাইন নিউজ পোর্টাল কর্তৃক যথাযথ রেজিস্ট্রেশন ব্যতীত ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও প্রোপাগান্ডাভিত্তিক সংবাদ প্রচার করা হচ্ছে। যা জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।’
এতে আরো বলা হয়েছে, এ অবস্থায় গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে (১ মে সন্ধ্যা ৬টা) রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণের নির্দেশ প্রদান করা হলো।
অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত রূপ নিউজ পোর্টালের প্রকাশিত কোনো সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সিলেট মহানগরীর সর্বসাধারণকে অনুরোধ করা হলো।’
গণবিজ্ঞপ্তিটি সংবাদ আকারে গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। এতে তুমুল সমালোচনা শুরু হয়।
অনেকে প্রশ্ন তোলেন, অনলাইন পোর্টালের ডোমেইন অপসারণের ক্ষমতা এসএমপির আছে কি না। অনেকে একে আবার গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী হিসেবে উল্লেখ করেন।
নিজাম উদ্দিন টিপু নামে একজন ফেসবুকে এ নিয়ে দীর্ঘ পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘একই দিনে দুই চিত্র! একদিকে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইউনেস্কো প্রতিনিধিদের সামনে বুক ফুলিয়ে বলছেন- ‘বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী।’ অন্যদিকে সিলেটে বসে মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জারি করছেন এক ‘তুঘলকি’ ফরমান!
রাতে আল্টিমেটাম দেওয়ার পর আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ফের গণমাধ্যমে গণবিজ্ঞপ্তি আগের আল্টিমেটাম বাতিলের কথা জানায় এসএমপি।
পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে আগের আল্টিমেটাম সম্বলিত জারিকৃত গণবিজ্ঞপ্তি বাতিল ঘোষণা করা হয়। তবে ঠিক কি কারণে বাতিল করা হয়েছে সে বিষয়ে উল্লেখ না করে কেবল পূর্বের গণবিজ্ঞপ্তির স্মারক নম্বর উল্লেখ করে সেটি বাতিলের কথা জানানো হয়।