Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

বিয়ে নিয়ে কিছু পুরুষের মনে এত ভয় কেন, জানুন ৭ কারণ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

বিয়ে নিয়ে কিছু পুরুষের মনে এত ভয় কেন, জানুন ৭ কারণ

বিজ্ঞাপন

বিয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও দায়িত্ব ভাগাভাগির মধ্য দিয়ে দুটি মানুষের নতুন জীবন শুরু হয়। তবে সময়ের সঙ্গে বিয়ে নিয়ে তরুণ প্রজন্মের, বিশেষ করে পুরুষদের মধ্যে অনীহা বাড়ছে। 

একসময় বিয়েকে পুরুষের জীবনে পরিণত হওয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হতো। সংসারের দায়িত্ব নেওয়া, পরিবার গঠন এবং সামাজিক মর্যাদা অর্জনের সঙ্গে বিয়ের বিষয়টি যুক্ত ছিল। কিন্তু আধুনিক সময়ে অনেকের কাছে বিয়ে মানেই দীর্ঘমেয়াদি দায়বদ্ধতা, নিয়মিত খরচ এবং ব্যক্তিগত জীবনে নানা সীমাবদ্ধতা। ফলে প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে অনেকে পিছিয়ে যাচ্ছেন।

বিয়ে নিয়ে পুরুষদের ভয় কেন?

১. সঙ্গী তাকে বদলে দিতে পারেন

বিয়ের পর নিজের পছন্দ, অভ্যাস ও জীবনযাপনের ধরন বদলে ফেলতে হবে, এমন আশঙ্কা অনেক পুরুষের মধ্যে কাজ করে। তাদের ভয়, জীবনসঙ্গী হয়তো পোশাক, খাবার, শখ কিংবা দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন আনতে চাইবেন। নিজের ব্যক্তিগত পছন্দ ও স্বাধীনতায় অন্য কারও হস্তক্ষেপ অনেকেই সহজভাবে নিতে পারেন না। ফলে বিয়ের পর নিজের মতো করে বাঁচার সুযোগ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

২. সঙ্গীর ব্যক্তিত্ব বদলে যাওয়ার আশঙ্কা

বিয়ের আগে সঙ্গী যেমন ছিলেন, বিয়ের পরও তেমন থাকবেন কি না, তা নিয়ে অনেক পুরুষের সংশয় থাকে। তাদের ধারণা, বিয়ের পর প্রেমময় ও প্রাণবন্ত সম্পর্ক একসময় সংসারের হিসাব-নিকাশ, বাজার খরচ ও ভবিষ্যৎ পরিকল্পনার আলোচনায় সীমাবদ্ধ হয়ে যেতে পারে। এতে সম্পর্কের স্বাভাবিক আনন্দ ও রোমাঞ্চ হারিয়ে যাওয়ার ভয় কাজ করে।

৩. ব্যক্তিগত স্বাধীনতা হারানোর ভয়

বিয়ের পর বন্ধুদের সঙ্গে আড্ডা, খেলাধুলা, জিমে সময় কাটানো কিংবা নিজের শখ পূরণের সুযোগ কমে যাবে, এমন আশঙ্কা অনেকের। কেউ কেউ মনে করেন, কোথাও যেতে বা নিজের পছন্দমতো খরচ করতে গেলেও জীবনসঙ্গীর অনুমতি নিতে হবে। এতে ব্যক্তিগত পরিসর ও স্বাধীনতা সংকুচিত হতে পারে বলে তারা বিয়েতে আগ্রহ হারান। তবে সুস্থ সম্পর্কের জন্য দুজনেরই ব্যক্তিগত সময় ও স্বাধীনতাকে সম্মান করা জরুরি।

আরও পড়ুন
৪. গণমাধ্যমে বিয়ে নিয়ে নেতিবাচক ধারণা

সিনেমা ও বিনোদনজগতের বিভিন্ন উপস্থাপনাও পুরুষদের বিয়ে সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরিতে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে হলিউডের অনেক রোমান্টিক কমেডি ও বন্ধুত্বনির্ভর চলচ্চিত্রে বিয়েকে পুরুষের স্বাধীনতা হারানোর কারণ হিসেবে দেখানো হয়। কখনো বিয়ের পর একঘেয়েমি, কখনো ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণের বিষয়টি হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়। এসব চিত্রায়ণ বারবার দেখতে দেখতে কারও কারও মনে বিয়ে সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।

৫. বাড়তি দায়িত্ব ও আর্থিক চাপ

বিয়ে মানেই নতুন আর্থিক ও পারিবারিক দায়িত্ব। বিয়ের খরচ, বাড়ি কেনা বা ভাড়া, সংসার পরিচালনা এবং সন্তান লালন-পালনের বিষয়গুলো অনেক পুরুষকে ভাবিয়ে তোলে। এশিয়ার অনেক পরিবারে এখনো পুরুষকে প্রধান উপার্জনকারী হিসেবে বিবেচনা করা হয়। ফলে পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার চাপ তাদের মধ্যে উদ্বেগ তৈরি করে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আবাসন সংকট ও আয়ের অনিশ্চয়তা এই ভয় আরও বাড়িয়ে দেয়।

৬. বাবা-মা ও জীবনসঙ্গীর মধ্যে ভারসাম্য রক্ষার চিন্তা

বিয়ের পর বাবা-মা ও জীবনসঙ্গীর চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখা অনেক পুরুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিশেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে জীবনসঙ্গীর মতের অমিল হলে কাকে কীভাবে সামলাবেন, তা নিয়ে তারা দুশ্চিন্তায় থাকেন। কোনো এক পক্ষের প্রতি বেশি মনোযোগ দিলে অন্য পক্ষ কষ্ট পেতে পারে, এমন আশঙ্কাও কাজ করে। এ ধরনের পরিস্থিতি এড়াতে বিয়ের আগে পারিবারিক প্রত্যাশা নিয়ে আলোচনা এবং বিয়ের পর সবার প্রতি সম্মানজনক ও নিরপেক্ষ আচরণ জরুরি।

৭. মতের অমিল ও দাম্পত্য কলহের ভয়

দুটি ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা মানুষের চিন্তাভাবনা, পছন্দ ও জীবনযাপনের ধরন এক হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক পুরুষ আশঙ্কা করেন, বিয়ের পর ছোটখাটো মতবিরোধ বড় ধরনের দ্বন্দ্বে রূপ নিতে পারে। নিয়মিত ঝগড়া, ভুল বোঝাবুঝি কিংবা মানসিক দূরত্ব তৈরি হওয়ার ভয় তাদের বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে দেয়। তবে কোনো সম্পর্কই পুরোপুরি নিখুঁত নয়। পারস্পরিক শ্রদ্ধা, ধৈর্য ও খোলামেলা আলোচনার মাধ্যমে মতের অমিল কাটিয়ে ওঠা সম্ভব।

সবশেষে মনে রাখা দরকার, বিয়ে দুজন মানুষের জন্যই নতুন অভিজ্ঞতা। এতে পরিবর্তন, চ্যালেঞ্জ ও ছাড় দেওয়ার বিষয় থাকে। তাই বিয়ের আগে প্রত্যাশা, আর্থিক দায়িত্ব, ব্যক্তিগত স্বাধীনতা ও পারিবারিক সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করা জরুরি। 

সংসারের সব দায়িত্ব একজনের ওপর চাপিয়ে দেওয়া কিংবা সঙ্গীর ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণের চেষ্টা সুস্থ সম্পর্কের অন্তরায় হতে পারে। পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও দায়িত্ব ভাগ করে নেওয়ার মানসিকতাই একটি সুন্দর দাম্পত্য জীবনের ভিত্তি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার