বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দাঁতের মাড়ি ফোলা রোগে ভুগে থাকেন অনেকেই। মাড়ি ফুলে যাওয়া মুখ ও দাঁতের একটি পরিচিত সমস্যা। এটি সাধারণ সমস্যা হলেও বেশ যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর। অনেকেই এটিকে সাময়িক সমস্যা ভেবে গুরুত্ব দেন না। এর কারণে মাড়ি সাধারণত লাল বা গাঢ় গোলাপি রঙের হয়ে যায়। ব্রাশ করার সময় আঘাত লেগে ফোলা মাড়ি থেকে রক্ত ঝরতে পারে।
মাড়ির চারপাশে প্লাক ও টার্টার বা দাঁতের পাথর জমে প্রদাহ তৈরি হলে মাড়ি ফুলে যেতে পারে। মাড়ির ভেতরে খাদ্যকণা জমে যে আবরণ তৈরি হয়, তার নাম ডেন্টাল প্লাক। এটি ধীরে ধীরে শক্ত হয়ে পাথরের মতো হতে পারে। এর ভেতরে থাকে অসংখ্য ব্যাকটেরিয়া।
এছাড়াও জিনজিভাইটিস, সংক্রমণ, অপুষ্টি, গর্ভাবস্থা ইত্যাদি কারণে মাড়ি ফোলার সমস্যা হয়। আবার ধূমপান, তামাকজাত দ্রব্য গ্রহণ, ভুলভাবে দাঁত ব্রাশ করা ইত্যাদি বিভিন্ন কারণেও মাড়ি ফোলার সমস্যা হয়ে থাকে। কিন্তু দীর্ঘদিন মাড়ি ফুলে থাকা, রক্তপাত বা ব্যথা দাঁত ও মাড়ির বিভিন্ন সমস্যার লক্ষণ হতে পারে। তাই কারণ বুঝে প্রয়োজনীয় যত্ন নেওয়া জরুরি।
মাড়ি ফুলে যাওয়ার প্রধান কারণ
১. নিয়মিত ও সঠিকভাবে দাঁত পরিষ্কার না করলে দাঁতের মাড়ি ফোলার সমস্যা বাড়তে পারে। দীর্ঘদিন চিকিৎসা না নিলে মাড়ির রোগ আরও গভীরে গিয়ে দাঁতকে ধরে রাখা হাঁড় ও অন্যান্য টিস্যু ক্ষতিগ্রস্ত করতে পারে।
২. দাঁতের গোড়ায় সংক্রমণ বা ফোঁড়া হলেও মাড়ি ফুলে ব্যথা হতে পারে। এ ক্ষেত্রে আক্রান্ত স্থানে পুঁজ জমা হতে পারে এবং গালও ফুলে যেতে পারে।
৩. শরীরে ভিটামিন সি-এর ঘাটতি থাকলেও মাড়ি ফুলে যাওয়া ও রক্তপাতের মতো সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া গর্ভাবস্থা, মাসিকের সময় বা বয়ঃসন্ধিতে হরমোনের পরিবর্তনের কারণে কারও কারও মাড়ি বেশি সংবেদনশীল হয়ে ফুলে যেতে পারে।
৪. কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও মাড়ি অতিরিক্ত বেড়ে বা ফুলে যেতে পারে। কৃত্রিম দাঁত, ব্রেশ বা অন্যান্য ডেন্টাল ডিভাইস ঠিকমতো না বসলে মাড়িতে ঘর্ষণ ও প্রদাহ তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
যেসব লক্ষণ দেখা দিতে পারে
মাড়ি ফুলে যাওয়ার সঙ্গে আরও কিছু উপসর্গ দেখা দিতে পারে। যেমন:
- মাড়ি লাল বা স্পর্শে সংবেদনশীল হওয়া
- ব্রাশ বা ফ্লস করার সময় রক্ত পড়া
- দাঁতের গোড়ায় পাথর জমা
- মুখে দুর্গন্ধ
- দাঁত ও মাড়ির মাঝে ব্যথা বা অস্বস্তি
- দাঁত শিরশির করা
- মাড়ি থেকে পুঁজ বের হওয়া
- দাঁত নড়বড়ে হয়ে যাওয়া
- দাঁতের গোড়ায় সংক্রমণ হলে ব্যথা দ্রুত বাড়তে পারে এবং মুখ বা গালের একপাশ ফুলে যেতে পারে। এ ধরনের অবস্থায় দেরি না করে ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
মাড়ি ফুলে গেলে কী করবেন
১. প্রতিদিন অন্তত দুবার ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দুই মিনিট করে দাঁত ব্রাশ করুন। দাঁতের ফাঁক পরিষ্কার করতে ডেন্টাল ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করা যেতে পারে।
২. কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করলে সাময়িকভাবে অস্বস্তি কমতে পারে। তবে এটি মাড়ির রোগ বা দাঁতের সংক্রমণের মূল চিকিৎসা নয়।
৩. খাবারের তালিকায় শাকসবজি ও ভিটামিনসমৃদ্ধ খাবার রাখুন। অতিরিক্ত চিনি ও মিষ্টিজাতীয় খাবার কমিয়ে দিন। ধূমপান, জর্দা ও অন্যান্য তামাকজাত পণ্য এড়িয়ে চলা জরুরি।
৪. দাঁতের পাথর থাকলে নিজে থেকে কোনো ধারালো যন্ত্র দিয়ে তা পরিষ্কার করার চেষ্টা করবেন না। ডেন্টাল চিকিৎসকের মাধ্যমে প্রয়োজনীয় পরিষ্কার বা অন্যান্য চিকিৎসা করানো উচিত।
কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন
- মাড়ি বারবার ফুলে গেলে, দীর্ঘদিন রক্তপাত হলে, পুঁজ বের হলে, তীব্র ব্যথা হলে বা দাঁত নড়তে শুরু করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
- মুখ বা গাল বেশি ফুলে যাওয়া, জ্বর, গিলতে বা শ্বাস নিতে কষ্টের মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।
- মাড়ির সমস্যা বারবার হলে শুধু মুখের পরিচ্ছন্নতার দিকেই নজর না দিয়ে ডায়াবেটিস, পুষ্টির ঘাটতি বা অন্য কোনো শারীরিক সমস্যা আছে কি না, সেটিও চিকিৎসকের পরামর্শে যাচাই করা যেতে পারে।