Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

ঘুমের আগে রিলস ও খবর দেখা, মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম

ঘুমের আগে রিলস ও খবর দেখা, মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর?

বিজ্ঞাপন

দিনের কাজ শেষে বিছানায় শুয়ে মোবাইল ফোন হাতে নেওয়া এখন অনেকের নিয়মিত অভ্যাস। প্রথমে একটি মেসেজ দেখা, এরপর ফেসবুক-ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করা কিংবা দিনের খবর পড়া। 

একটি ভিডিও থেকে আরেকটি ভিডিও, একটি খবর থেকে আরেকটি খবর দেখতে দেখতে কখন যে আধা ঘণ্টা বা তার বেশি সময় পার হয়ে যায়, তা অনেকেই বুঝতে পারেন না। কিন্তু ঘুমানোর আগে ফোন ব্যবহারের এই অভ্যাস শরীর ও মস্তিষ্কের স্বাভাবিক বিশ্রামে বাধা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞরা।

ফোন ব্যবহারে মস্তিষ্কের ব্যস্ততা বাড়ে

ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বিনোদন, সংবাদ ও সামাজিক যোগাযোগের অন্যতম উৎস। ফলে দিনের শেষে শরীর বিশ্রাম নিতে বিছানায় গেলেও ফোনের পর্দায় চোখ রাখার কারণে মস্তিষ্ক নানা তথ্যে ব্যস্ত থাকে।

চিকিৎসকদের মতে, দিনে তিন ঘণ্টার বেশি ফোন ব্যবহার, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ সময় কাটানোর সঙ্গে মনোযোগ এবং তাৎক্ষণিক পুরস্কার পাওয়ার প্রবণতার পরিবর্তনের সম্পর্ক পাওয়া গেছে। একের পর এক নতুন ছবি, ভিডিও ও তথ্য মস্তিষ্কে ক্রমাগত উদ্দীপনা তৈরি করে। রাতে এই অভ্যাস ঘুমের প্রস্তুতিকে আরও ব্যাহত করতে পারে।

আরও পড়ুন
ঘুমের সময় মস্তিষ্কে চলে গুরুত্বপূর্ণ কাজ

ঘুম মানে শুধু শারীরিক ক্লান্তি দূর করা নয়। এ সময় মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণ, আবেগ নিয়ন্ত্রণ এবং শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়া পরিচালনার কাজ করে। ঘুমের সময় মস্তিষ্কের গ্লিম্ফ্যাটিক ব্যবস্থা দিনের বেলায় জমে থাকা কিছু প্রোটিনজাত বর্জ্য অপসারণে সহায়তা করে। তাই পর্যাপ্ত সময় ঘুমানোর পাশাপাশি গভীর ও স্বস্তিদায়ক ঘুমও গুরুত্বপূর্ণ।

শুধু নীল আলো নয়, নেতিবাচক খবরও ক্ষতিকর

মোবাইলের পর্দা থেকে নির্গত নীল আলো শরীরের মেলাটোনিন হরমোন নিঃসরণে প্রভাব ফেলতে পারে। এই হরমোন ঘুমের স্বাভাবিক চক্র নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ফলে রাতে ফোন ব্যবহারের কারণে ঘুম আসতে দেরি হতে পারে এবং ঘুমের মান কমে যেতে পারে।

তবে সমস্যার একমাত্র কারণ নীল আলো নয়। ঘুমের আগে কী ধরনের বিষয় দেখা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। উত্তেজক খবর, ভয়াবহ ঘটনা, বিতর্ক কিংবা নেতিবাচক পোস্ট মস্তিষ্ককে আরও সক্রিয় করে তুলতে পারে। একের পর এক নেতিবাচক খবর পড়ার এই অভ্যাসকে বলা হয় ‘ডুমস্ক্রলিং’। এতে ঘুমের আগে মস্তিষ্ক শান্ত হওয়ার পরিবর্তে উদ্বিগ্ন ও উত্তেজিত হয়ে উঠতে পারে।

অভ্যাস বদলাবেন যেভাবে

ঘুমের সময় পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হয়ে উঠতে পারে ফোনে অতিরিক্ত সময় কাটানো। একটি খবর পড়তে গিয়ে অন্য খবর, ভিডিও কিংবা নোটিফিকেশনে মনোযোগ চলে যাওয়ায় অনেকেই নির্ধারিত সময়ে ঘুমাতে পারেন না।

এ অভ্যাস থেকে বেরিয়ে আসতে ঘুমানোর আগে ফোন ব্যবহার সীমিত করা জরুরি। বিছানায় ফোন না নেওয়া এবং প্রয়োজনে অ্যালার্মের জন্য আলাদা ঘড়ি ব্যবহার করা যেতে পারে।

ফোনের পরিবর্তে বই পড়া, হালকা গান শোনা, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো কিংবা পরদিনের কাজের তালিকা তৈরি করার অভ্যাস করা যেতে পারে। পাশাপাশি প্রাকৃতিক দৃশ্য, সবুজ পরিবেশ, পাহাড় কিংবা বয়ে চলা পানির শব্দ মানসিক প্রশান্তি দিতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, দিনের শেষ সময়টুকু সামাজিক যোগাযোগমাধ্যম ও নেতিবাচক খবর থেকে দূরে রেখে মস্তিষ্ককে বিশ্রামের সুযোগ দেওয়া উচিত। কারণ শরীর বিছানায় গেলেই মস্তিষ্ক বিশ্রামে যায় না। বরং ঘুমের আগে মানসিক প্রশান্তি নিশ্চিত করাও সুস্থ থাকার গুরুত্বপূর্ণ অংশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার