বিজ্ঞাপন
বেশি প্রোটিন খেলেই কি পেশি বড় হয়? যা বলছেন বিশেষজ্ঞরা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ এএম
বিজ্ঞাপন
বেশি প্রোটিন খেলেই পেশি দ্রুত বড় বা শক্তিশালী হয়—এমন ধারণা প্রচলিত রয়েছে শরীরচর্চা করেন এমন অনেকের মধ্যে। পেশি গঠনের আশায় অনেকে প্রতিদিনের খাবারে প্রোটিনের পরিমাণ বাড়ান, কেউ কেউ আবার নিয়মিত প্রোটিন শেক ও সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলেই পেশির বৃদ্ধি ত্বরান্বিত হয় না। বরং শরীরের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ হওয়াই পেশি গঠনের জন্য যথেষ্ট।
পেশির আকার ও শক্তি বৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয় ‘মাসল হাইপারট্রফি’। এই প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত প্রোটিন প্রয়োজন হলেও প্রয়োজনের অতিরিক্ত প্রোটিন গ্রহণে বাড়তি কোনো উপকার পাওয়া যায় না। শরীরের প্রোটিনের চাহিদা পূরণ হয়ে গেলে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড শক্তি উৎপাদনে ব্যবহৃত হতে পারে অথবা শরীর সেগুলো প্রক্রিয়াজাত করে বের করে দেয়।
প্রতিদিন কতটুকু প্রোটিন প্রয়োজন?
বিশেষজ্ঞদের পরামর্শ, দিনের অধিকাংশ প্রোটিন একবারে না খেয়ে বিভিন্ন খাবারের সঙ্গে ভাগ করে গ্রহণ করা ভালো। বিশেষ করে ব্যায়ামের পর পেশির ক্ষয়পূরণ ও পুনরুদ্ধারে ২০ থেকে ৪০ গ্রাম প্রোটিন কার্যকর বলে বিবেচিত হয়। তবে ব্যক্তির ওজন, ব্যায়ামের ধরন ও তীব্রতা এবং সামগ্রিক খাদ্যাভ্যাসের ওপর প্রোটিনের চাহিদা নির্ভর করে।
বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রোটিন সাপ্লিমেন্ট বা শেক পান করে পেশি তৈরি করা সম্ভব নয়। পেশির বৃদ্ধি ত্বরান্বিত করতে নিয়মিত রেজিস্ট্যান্স ট্রেনিং বা প্রতিরোধমূলক ব্যায়াম জরুরি। বিশেষ করে ভারোত্তোলনের মতো ব্যায়াম, যেখানে ধীরে ধীরে পেশির ওপর চাপ বাড়ানো হয়, তা পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পেশি গঠনে সুষম খাবারের গুরুত্ব
পেশি গঠনের ক্ষেত্রে শুধু প্রোটিনের দিকে মনোযোগ না দিয়ে অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদাও পূরণ করতে হবে। এ জন্য খাদ্যতালিকায় কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও খনিজ উপাদান রাখা জরুরি।
কার্বোহাইড্রেট শরীরচর্চার জন্য প্রয়োজনীয় শক্তি জোগায়। অন্যদিকে স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও খনিজ উপাদান শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়তা করে। ফলে শরীরের সুস্থতা ও শারীরিক সক্ষমতা বজায় রাখতে সুষম খাদ্যাভ্যাসের বিকল্প নেই।
দীর্ঘদিন ধরে শরীরের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলে কিছু স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে সাপ্লিমেন্টের মাধ্যমে অতিরিক্ত প্রোটিন গ্রহণে হজমের অস্বস্তি হতে পারে। এ ছাড়া আগে থেকেই কিডনির সমস্যা রয়েছে, এমন ব্যক্তিদের ক্ষেত্রে অতিরিক্ত প্রোটিন গ্রহণ নিয়ে উদ্বেগ রয়েছে।
তাই সবার জন্য একই পরিমাণ প্রোটিন গ্রহণের নিয়ম অনুসরণ না করে নিজের শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী প্রোটিন গ্রহণ করা উচিত বলে পরামর্শ বিশেষজ্ঞদের।
সব মিলিয়ে, পেশি বড় ও শক্তিশালী করতে অতিরিক্ত প্রোটিন খাওয়ার চেয়ে প্রয়োজন অনুযায়ী প্রোটিন গ্রহণ, নিয়মিত ভারোত্তোলন বা প্রতিরোধমূলক ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ পেশি গঠনের জন্য শুধু প্রোটিনের পরিমাণ নয়, বরং সঠিক খাদ্যাভ্যাস ও ধারাবাহিক শরীরচর্চার সমন্বয়ই মূল বিষয়।
সূত্র: সামা টিভি