Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

স্তনে চাকা হলেই কি ব্রেস্ট ক্যানসার, করণীয় জানালেন চিকিৎসক

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ এএম

স্তনে চাকা হলেই কি ব্রেস্ট ক্যানসার, করণীয় জানালেন চিকিৎসক

বিজ্ঞাপন

আধুনিক সময় স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন দেখা যায় নারীদের। বিশেষ করে ব্রেস্ট ক্যানসার নিয়ে সতর্কতার কমতি রাখেন না তারা। এ কারণে স্তনে চাকা বা টিউমার দেখা দিলে উদ্বিগ্ন হয়ে পড়েন। কেউ কেউ আতঙ্কিত হয়ে নিকটস্থ ফার্মেসি থেকে নানা ধরনের ওষুধ সেবন শুরু করেন। কিন্তু স্তনে চাকা মানেই কি তা ব্রেস্ট ক্যানসার―এ প্রশ্ন অনেকের।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্তনে পাওয়া ৮০ থেকে ৯০ শতাংশ চাকাই ক্যানসারমুক্ত বা বিনাইন। এ কারণে স্তনে কোনো চাকা বা অস্বাভাবিকতা অনুভব করলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা যাবে না।

স্তনে চাকা হলে ভেঙে পড়া যাবে না। সব চাকা ব্রেস্ট ক্যানসার নয়।

স্তনে চাকা হয় কেন:

স্তনে নানা কারণেই চাকা দেখা দিতে পারে। ফাইব্রোঅ্যাডিনোমা, এটি এমন এক ধরনের ক্যানসারমুক্ত টিউমার বা অবশিষ্ট অংশ, যা সাধারণত কম বয়সী নারীদের ক্ষেত্রে বেশি দেখা দিয়ে থাকে। আবার তরলভর্তি থলের কারণেও স্তনে চাকা অনুভূত হতে পারে; যাকে বলা হয় ব্রেস্ট সিস্ট। এ ক্ষেত্রে অনেক সময় স্তনে সংবেদনশীলতা বা ব্যথা অনুভূত হয়ে থাকে।

হরমোনজনিত পরিবর্তনের জন্যও স্তনে চাকা হতে পারে। এ ব্যাপারে ভারতের বিশাখাপত্তনমের এইচসিজি ক্যানসার হাসপাতালের রেডিয়েশন অনকোলজিস্ট ডা. জয়শ্রী কুনা জানিয়েছেন, মাসিক চক্রের সময় হরমোনের পরিবর্তনের কারণে অনেক সময় স্তন ফুলে উঠতে পারে। এ সময় চাকা বা সংবেদনশীল অনুভব হতে পারে। তবে এ সমস্যা মাসিক শেষ হওয়ার পর ঠিক হয়ে যায়।

স্তনে চাকা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে।

এছাড়া ম্যাস্টাইটিসের মতো কিছু সংক্রমণের কারণেও স্তনে ব্যথাযুক্ত ফোলাভাব, লালচে ভাব ও উষ্ণতা দেখা দিতে পারে। আর এসব সমস্যা সাধারণত স্তন্যদানকারী নারীদের মধ্যে বেশি দেখা দেয়। এসব সমস্যার অধিকাংশগুলোই ক্ষতিকর নয়। এরপরও শুধু হাত দিয়ে স্পর্শ করে চাকাটি ক্যানসারমুক্ত কি না, তা নিশ্চিত হওয়া যায় না। এ জন্য চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা জানিয়েছেন ডা. জয়শ্রী।

কখন চিকিৎসকের কাছে যাবেন:

স্তনে যদি নতুন কোনো চাকা দেখা দেয়, তাহলে তাতে কোনো ব্যথা না থাকলেও চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করা উচিত। পাশাপাশি কিছু লক্ষণের দিকে খেয়াল রাখতে হবে। যেমন- স্তনের আকার হঠাৎ পরিবর্তন, ত্বকে টোল পড়া, বোঁটা ভেতরের দিকে যাওয়া, বোঁটা দিয়ে অস্বাভাবিক তরল নির্গমন হওয়া এবং বগলে কোনো চাকা বা ফুলে ওঠার মতো সমস্যা দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার