Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

ঢাকায় কম দামে কোন মার্কেটে কী পাবেন, জেনে নিন একনজরে

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১১:০২ এএম

ঢাকায় কম দামে কোন মার্কেটে কী পাবেন, জেনে নিন একনজরে

বিজ্ঞাপন

নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে পোশাক, জুতা, প্রসাধনী কিংবা ইলেকট্রনিক্স-সবকিছুর দামই দিন দিন বাড়ছে। ফলে কেনাকাটা করতে গিয়ে বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন অনেকেই। তবে কোথায় কোন পণ্য তুলনামূলক কম দামে পাওয়া যায়, সে সম্পর্কে ধারণা থাকলে সহজেই সাশ্রয় করা সম্ভব।

রাজধানীতে এমন বেশ কিছু বাজার রয়েছে, যেখানে একই পণ্য অন্য এলাকার তুলনায় কম দামে কেনার সুযোগ মেলে। প্রয়োজন শুধু সঠিক বাজারটি চিনে নেওয়া। চলুন জেনে নেওয়া যাক, ঢাকার কোন মার্কেটে কী ধরনের পণ্য পাওয়া যায়।

পোশাক ও কাপড়ের জন্য যেসব বাজার

কম দামে পোশাক কেনার কথা উঠলেই প্রথমে আসে রাজধানীর বঙ্গবাজারের নাম। শার্ট, প্যান্ট, টি-শার্ট, গেঞ্জি থেকে শুরু করে শাড়ি ও বিভিন্ন ধরনের তৈরি পোশাক পাওয়া যায় এখানে। অন্যদিকে, পাইকারি দামে কাপড় কিনতে চাইলে যেতে পারেন পুরান ঢাকার ইসলামপুরে। শাড়ি, থ্রি-পিস, বিভিন্ন ধরনের থান কাপড়সহ নানা রকম ফেব্রিকসের বিশাল সমাহার রয়েছে এই বাজারে। দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরাও পাইকারি কাপড় কিনতে এখানে আসেন।

ধর্মীয় সামগ্রী ও প্রয়োজনীয় অনুষঙ্গ

আতর, টুপি, জায়নামাজসহ বিভিন্ন ধর্মীয় সামগ্রী কেনার জন্য পরিচিত বায়তুল মোকাররম মার্কেট। শুধু ধর্মীয় সামগ্রীই নয়, এখানে ঘড়ি, চশমা, ব্যাগ, জুতা ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্যও পাওয়া যায়।

ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের বাজার

ইলেকট্রনিক সামগ্রী, শিল্পকারখানার যন্ত্রপাতি, কৃষি যন্ত্রাংশ এবং গার্মেন্টস অ্যাক্সেসরিজ কেনার জন্য নবাবপুর রোড বেশ পরিচিত। মোবাইল ফোন, ল্যাপটপ ও কম্পিউটারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য কিনতে যেতে পারেন গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে। এখানে নতুন ও পুরোনো দুই ধরনের গ্যাজেট পাওয়া যায়। এ ছাড়া পুরান ঢাকার পাটুয়াটুলিও ইলেকট্রনিক পণ্য কেনার জন্য দীর্ঘদিনের পরিচিত একটি বাজার।

বই ও স্টেশনারির জন্য কোথায় যাবেন?

বই কেনার জন্য রাজধানীর বাংলাবাজার ও নীলক্ষেত বেশ জনপ্রিয়। বাংলাবাজারে নতুন-পুরোনো বিভিন্ন ধরনের বইয়ের বড় সংগ্রহ রয়েছে। অন্যদিকে, নীলক্ষেত শিক্ষার্থী ও বইপ্রেমীদের কাছে বিশেষভাবে পরিচিত। এখানে অ্যাকাডেমিক বই, নোট, ফটোকপি, বাঁধাই ও প্রিন্টিংয়ের কাজও করানো যায়।

প্রসাধনী, উপহার ও টেইলারিং

পোশাক, প্রসাধনী ও বিভিন্ন ধরনের উপহারসামগ্রী কেনার জন্য নিউ মার্কেট অন্যতম জনপ্রিয় গন্তব্য। এখানে নানা দামের পণ্য পাওয়া যায়। তবে কেনাকাটার আগে কয়েকটি দোকানে দাম যাচাই এবং দরদাম করে নেওয়া ভালো। অন্যদিকে, ছবি বাঁধাই, ফটোকপি, প্রিন্টিং ও টেইলারিংয়ের কাজের জন্য নিউ মার্কেটের পাশের গাউসুল আজম মার্কেটেও যেতে পারেন।

কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য

শাকসবজি, মাছ, মাংস, ফলমূলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার জন্য কারওয়ান বাজার রাজধানীর অন্যতম বড় পাইকারি ও খুচরা বাজার। এ ছাড়া তুলনামূলক পরিচিত ও সহজলভ্য বাজার হিসেবে হাতিরপুল বাজারেও দৈনন্দিন রান্নার প্রয়োজনীয় পণ্য পাওয়া যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার