বিজ্ঞাপন
জ্বর থেকে দ্রুত নিউমোনিয়া, নিউমোনিক প্লেগের যেসব উপসর্গ জানা জরুরি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৫ এএম
বিজ্ঞাপন
রাশিয়ায় প্লেগ গবেষণাগারে কর্মরত এক নারীর গুরুতর নিউমোনিয়ার উপসর্গ নিয়ে মৃ ত্যুর পর নিউমোনিক প্লেগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ওই নারী প্লেগে আক্রান্ত ছিলেন কি না, তা এখনো নিশ্চিত করেনি রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর মধ্যেই জ্বর, মাথাব্যথা, দুর্বলতা থেকে দ্রুত নিউমোনিয়ায় পরিণত হওয়ার মতো উপসর্গগুলো নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
রুশ সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সাইবেরিয়ার ইরকুতস্ক এলাকার একটি প্লেগ গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত ২৮ বছর বয়সী দারিয়া শিপিলোভা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি সহকর্মীদের জানিয়েছিলেন, নমুনা সংগ্রহের সময় অসাবধানতাবশত জীবিত ব্যাকটেরিয়া থাকা একটি টেস্ট টিউব ভেঙে গিয়েছিল। এরপর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। হাসপাতালে ভর্তির দুই দিন পর তার মৃ ত্যু হয়।
তবে রাশিয়ার ভোক্তা অধিকার ও মানবকল্যাণ পর্যবেক্ষণ সংস্থা রসপোত্রেবনাদজোর জানিয়েছে, ওই কর্মীর ক্ষেত্রে ‘অজানা কারণে নিউমোনিয়া’ শনাক্ত হয়েছিল। পরীক্ষায় তার শরীরে প্লেগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অণুজীব পাওয়া যায়নি। অর্থাৎ এখন পর্যন্ত তার মৃ ত্যুর কারণ হিসেবে প্লেগ নিশ্চিত করা হয়নি।
নিউমোনিক প্লেগ কী? রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সিডিসির তথ্য অনুযায়ী, প্লেগের প্রধান তিনটি ধরন হলো বুবোনিক, নিউমোনিক ও সেপটিসেমিক প্লেগ। এর মধ্যে নিউমোনিক প্লেগ সবচেয়ে গুরুতর ধরনগুলোর একটি।
নিউমোনিক প্লেগ ফুসফুসে সংক্রমণ ঘটায়। এতে সাধারণত জ্বর, মাথাব্যথা ও দুর্বলতার পাশাপাশি দ্রুত নিউমোনিয়ার উপসর্গ দেখা দিতে পারে। আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও কাশি হতে পারে। কখনো কাশির সঙ্গে রক্ত বা পানির মতো কফও দেখা দিতে পারে।
এই রোগের উপসর্গ সংক্রমণের পর খুব অল্প সময়ের মধ্যেই দেখা দিতে পারে। সিডিসির তথ্য অনুযায়ী, জীবাণু শ্বাসের মাধ্যমে ফুসফুসে পৌঁছালে এক দিনের মতো কম সময়ের মধ্যেও উপসর্গ শুরু হতে পারে।
কীভাবে নিউমোনিক প্লেগ হয়? নিউমোনিক প্লেগ দুইভাবে হতে পারে। প্রথমত, চিকিৎসা না করা বুবোনিক বা সেপটিসেমিক প্লেগের জীবাণু শরীরের অন্য অংশ থেকে ফুসফুসে পৌঁছাতে পারে। দ্বিতীয়ত, আক্রান্ত ব্যক্তি বা প্রাণীর কাশি থেকে বের হওয়া সংক্রমিত ক্ষুদ্র কণা শ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করলেও নিউমোনিক প্লেগ হতে পারে।
প্লেগের অন্যান্য ধরন সাধারণত ভিন্ন উপায়ে ছড়ায়। বুবোনিক প্লেগের ক্ষেত্রে আক্রান্ত মাছির কামড় অন্যতম প্রধান কারণ। এতে জ্বর, মাথাব্যথা, কাঁপুনি ও দুর্বলতার পাশাপাশি শরীরের এক বা একাধিক লসিকা গ্রন্থি ফুলে গিয়ে ব্যথাযুক্ত হতে পারে।
সেপটিসেমিক প্লেগের উপসর্গ সেপটিসেমিক প্লেগ রক্তে সংক্রমণ ঘটায়। এতে জ্বর, কাঁপুনি, প্রচণ্ড দুর্বলতা, পেটে ব্যথা ও গুরুতর শারীরিক অবস্থা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে ত্বক ও শরীরের বিভিন্ন অংশে রক্তক্ষরণ এবং টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়ার মতো জটিলতাও তৈরি হতে পারে।
দ্রুত চিকিৎসা কেন জরুরি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, চিকিৎসা না করা হলে প্লেগ অত্যন্ত গুরুতর হয়ে উঠতে পারে। বিশেষ করে নিউমোনিক প্লেগের ক্ষেত্রে দ্রুত রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু করা গুরুত্বপূর্ণ।
নিউমোনিক প্লেগ চিকিৎসা ছাড়া খুব দ্রুত প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তবে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে উপযুক্ত অ্যান্টিবায়োটিক এবং প্রয়োজনীয় সহায়ক চিকিৎসার মাধ্যমে এটি কার্যকরভাবে চিকিৎসা করা সম্ভব।
রাশিয়ার সাম্প্রতিক ঘটনাটিতে এখন পর্যন্ত প্লেগের সংক্রমণ নিশ্চিত হয়নি। তাই ওই ঘটনা থেকেই ব্যাপক সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে—এমনটা বলা যাচ্ছে না। তবে দ্রুত বাড়তে থাকা নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর বা গুরুতর শারীরিক অসুস্থতার ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।