বিজ্ঞাপন
বরফ, সমুদ্র নাকি মরুভূমির উষ্ণতা? নভেম্বরে ঘুরতে যাওয়ার ৫ দারুণ গন্তব্য
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম
বিজ্ঞাপন
নভেম্বর মাস অনেকের কাছেই ভ্রমণের আদর্শ সময়। ইউরোপের উঁচু পাহাড়ি এলাকায় শুরু হয় স্কি মৌসুম, আবার বিশ্বের অন্য প্রান্তে তখন থাকে আরামদায়ক উষ্ণ আবহাওয়া। কেউ যদি বরফে স্কি করতে চান, কেউ হয়তো সমুদ্রসৈকতে বসে সূর্য উপভোগ করতে চান, আবার কেউ চাইতে পারেন উৎসবের আমেজে ঘুরে বেড়াতে। নভেম্বরের ছুটির জন্য তাই একাধিক ধরনের গন্তব্য বেছে নেওয়ার সুযোগ রয়েছে।
ফ্রান্সের তিঁন ও ভাল ক্লারে নভেম্বরের শেষ দিকে স্কি মৌসুম শুরুর অন্যতম আকর্ষণীয় গন্তব্য হতে পারে। তিঁনের সবচেয়ে উঁচু গ্রাম ভাল ক্লারে আগামী ২৮ নভেম্বর থেকে স্কি মৌসুম শুরু হওয়ার কথা। উঁচু অবস্থানের কারণে এখানে বরফ পাওয়ার সম্ভাবনা বেশি এবং গ্রঁদ মত হিমবাহের কাছেও সহজে যাওয়া যায়। স্কি করার পাশাপাশি পাহাড়ি পরিবেশ উপভোগ করতে চান এমন ভ্রমণপ্রেমীদের জন্য এটি বিশেষ আকর্ষণীয়।
ভাল ক্লারের চার তারকা ইয়ন্সিও আবাসনে এক সপ্তাহের জন্য দুই বেডরুমের অ্যাপার্টমেন্টে চারজন থাকার ভাড়া ২৮ নভেম্বর থেকে ২ হাজার ৪০৪ পাউন্ড থেকে শুরু হচ্ছে। এতে একটি গাড়ির জন্য লে শাটল ক্রসিংও অন্তর্ভুক্ত রয়েছে। আবাসনটিতে রয়েছে উত্তপ্ত ইনডোর সুইমিংপুল, যা পাহাড়ে সময় কাটানোর পর আরাম করার সুযোগ দেবে।
যারা বরফের বদলে উষ্ণ আবহাওয়া পছন্দ করেন, তাদের জন্য মরক্কোর মারাকেশ হতে পারে ভিন্ন অভিজ্ঞতা। নভেম্বরেও সেখানে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। মারাকেশের ক্লাব মেড লা পালমেরিতে থাকলে শান্ত ও সবুজ পরিবেশের পাশাপাশি শহরের প্রাণবন্ত জীবন এবং ঐতিহাসিক মদিনা ঘুরে দেখার সুযোগ পাওয়া যাবে। ২৮ নভেম্বরের যাত্রার জন্য সাত রাতের সর্বসমেত প্যাকেজের দাম শুরু হচ্ছে জনপ্রতি ১ হাজার ২২ পাউন্ড থেকে। তবে ফ্লাইট ও বিমানবন্দর থেকে যাতায়াতের খরচ আলাদা।
ভারতের গোয়াও নভেম্বরের ভ্রমণের জন্য জনপ্রিয় একটি বিকল্প। সমুদ্রসৈকত, নরম বালু আর সূর্যাস্ত উপভোগ করতে চাইলে বেনাউলিম বিচের কাছে অর্কিড পাসারোস নামের প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত একটি বিলাসবহুল হোটেলে থাকা যেতে পারে। ১১ নভেম্বরের যাত্রায় ১০ রাতের প্যাকেজের দাম জনপ্রতি ১ হাজার ৪৮৭ পাউন্ড থেকে শুরু। এতে ফ্লাইট, যাতায়াত ও সকালের নাশতা অন্তর্ভুক্ত রয়েছে।
সমুদ্রপথে ভ্রমণ করতে চাইলে ক্যানারি দ্বীপপুঞ্জও আকর্ষণীয় হতে পারে। ২৬ নভেম্বর তেনেরিফ থেকে শুরু হওয়া ১১ রাতের একটি ক্রুজে ফুয়ের্তেভেনতুরা, মাদেইরা, লা পালমা, এল হিয়েরো ও লা গোমেরা ঘুরে আবার তেনেরিফে ফেরা যাবে। ১৪৮ যাত্রী ধারণক্ষমতার চার মাস্তুলের উইন্ড স্পিরিট ইয়টে এই যাত্রার আয়োজন করা হয়েছে। জনপ্রতি ১ হাজার ৭৭৯ পাউন্ড থেকে শুরু হওয়া প্যাকেজে ফ্লাইট, এক রাতের হোটেল, ১০ রাতের পূর্ণ খাবার, যাতায়াত ও বন্দর ফি অন্তর্ভুক্ত।
যারা একটু বেশি বিলাসী অভিজ্ঞতা চান, তাদের জন্য সেশেলস কিংবা ভেনিস হতে পারে পছন্দের গন্তব্য। সেশেলসের বালুকাবেলায় আরামদায়ক সময় কাটানোর পাশাপাশি ভেনিসে খাল, স্থাপত্য ও ঐতিহাসিক পরিবেশ উপভোগ করা যায়। এমনকি ভেনিস থেকে বিখ্যাত ভেনিস সিম্পলন-ওরিয়েন্ট-এক্সপ্রেসে ভ্রমণের সুযোগও রয়েছে।
নভেম্বরে ভ্রমণের ক্ষেত্রে তাই এক ধরনের গন্তব্যেই সীমাবদ্ধ থাকার প্রয়োজন নেই। পাহাড়ে বরফ, মরক্কোয় উষ্ণ আবহাওয়া, গোয়ার সমুদ্রসৈকত কিংবা ক্যানারি দ্বীপপুঞ্জের ক্রুজ—ভ্রমণের ধরন অনুযায়ী বেছে নেওয়া যেতে পারে পছন্দের জায়গা। তবে যাত্রার আগে আবাসন, ফ্লাইট, আবহাওয়া এবং ভিসাসহ প্রয়োজনীয় শর্তগুলো যাচাই করে পরিকল্পনা করা জরুরি।